Image description

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে বাধা প্রদান, হুমকি, অশালীন আচরণ ও মব সৃষ্টির অপচেষ্টার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাবির চার ছাত্র সংগঠন—জাকসু, ছাত্রদল, ছাত্রশিবির ও ছাত্রশক্তি।

মঙ্গলবার (১৯ মে) সংগঠনগুলো তাদের প্রেস বিজ্ঞপ্তিতে এ বিবৃতি প্রদান করে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) কর্মরত সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে একদল শিক্ষার্থী কর্তৃক অশালীন আচরণ, অকথ্য ভাষায় গালিগালাজ এবং সংবাদ প্রকাশকে কেন্দ্র করে মাইকে ঘোষণা দিয়ে সাংবাদিকদের বিরুদ্ধে মব সৃষ্টির অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের সহসভাপতি আব্দুর রশিদ জিতু ও সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম এক যৌথ বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বিশ্ববিদ্যালয়ের নানাবিধ সংকট, দুর্নীতি, অনিয়ম, অসামঞ্জস্য এবং সাধারণ শিক্ষার্থীদের অধিকারের কথা ক্যাম্পাস সাংবাদিকরাই সবসময় সাহসিকতার সঙ্গে তুলে ধরেন। যারা সাংবাদিকদের পেশাদারিত্বে বাধা সৃষ্টি করছে, ভয়ভীতি দেখাচ্ছে এবং তাঁদের নিরাপত্তা বিঘ্নিত করছে, তারা মূলত সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনকেই প্রশ্নবিদ্ধ ও কলঙ্কিত করছে। এ ধরনের ঔদ্ধত্যপূর্ণ আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য বা কাম্য নয়।

নেতৃবৃন্দ আরও বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) মুক্ত গণমাধ্যম, স্বাধীন মতপ্রকাশ ও নিরাপদ ক্যাম্পাসের পক্ষে সর্বদা দৃঢ় অবস্থান ব্যক্ত করে। জাকসু এ ন্যাক্কারজনক ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এ ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের অনতিবিলম্বে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছে। একই সঙ্গে সাংবাদিকদের জন্য নিরাপদ ও স্বাধীন কর্মপরিবেশ নিশ্চিত করতে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষককে লাঞ্ছিত করারও প্রতিবাদ জানিয়েছে জাকসু।

জাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর ও সদস্যসচিব ওয়াসিম আহমেদ অনীক যৌথ বিবৃতিতে জানান, গণমাধ্যম একটি গণতান্ত্রিক রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ স্তম্ভ। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরা সমাজ ও রাষ্ট্রের প্রতি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকেন। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাংবাদিকদের স্বাধীনভাবে তথ্য সংগ্রহ ও সংবাদ প্রকাশের পরিবেশ বাধাগ্রস্ত হওয়া অত্যন্ত উদ্বেগজনক এবং মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থী। ভিন্নমত কিংবা কোনো পরিস্থিতিকে কেন্দ্র করে সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, পেশাগত দায়িত্ব পালনে বাধা প্রদান অথবা হেনস্তার মতো ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে সব শিক্ষার্থী, সাংবাদিক ও সংশ্লিষ্ট পক্ষকে দায়িত্বশীল আচরণ করার এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখে ক্যাম্পাসে শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও স্বাভাবিক শিক্ষার পরিবেশ রক্ষার আহ্বান জানানো হয়েছে।

শাখা শিবিরের বিবৃতিতে বলা হয়েছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) পেশাগত দায়িত্ব পালনকালে কর্তব্যরত সাংবাদিকদের সঙ্গে অশালীন আচরণ, গালাগালি, মারমুখী আচরণ এবং সংবাদ প্রকাশের জেরে মাইকে ঘোষণা দিয়ে সাংবাদিকদের বিরুদ্ধে মব সৃষ্টির অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা।

এক যৌথ বিবৃতিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মো. মোস্তাফিজুর রহমান ও সেক্রেটারি মো. মাজহারুল ইসলাম বলেন, ক্যাম্পাসে স্বাধীন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পরিবেশ বজায় রাখা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক ও সুস্থ পরিবেশের জন্য অপরিহার্য। সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের হুমকি দেওয়া, ভয়ভীতি প্রদর্শন কিংবা উসকানিমূলক বক্তব্য দিয়ে মব সৃষ্টির চেষ্টা চালানো স্বাধীন সাংবাদিকতার নীতিমালার সম্পূর্ণ পরিপন্থী এবং অত্যন্ত উদ্বেগজনক।

বিবৃতিতে নেতৃবৃন্দ অনতিবিলম্বে এ ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করে দোষীদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি জোর দাবি জানান। একই সঙ্গে ক্যাম্পাসে কর্মরত সব সাংবাদিকের পেশাগত নিরাপত্তা এবং স্বাধীন কর্মপরিবেশ নিশ্চিত করার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

জাবি শাখা ছাত্রশক্তির বিবৃতিতে বলা হয়, সম্প্রতি ক্যাম্পাসে পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিকদের সঙ্গে অশালীন আচরণ, অকথ্য ভাষায় গালিগালাজ, মারমুখী আচরণ এবং সংবাদ প্রকাশকে কেন্দ্র করে মাইকে ঘোষণা দিয়ে সাংবাদিকদের বিরুদ্ধে মব সৃষ্টির অপচেষ্টা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।

সংগঠনটি আরও উল্লেখ করে, সাংবাদিকদের ‘ক্যারিয়ার ধ্বংস করার’ হুমকি, ভয়ভীতি প্রদর্শন ও পরিকল্পিতভাবে টার্গেট করার বিষয়টি স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ।

সংগঠনটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দ্রুত জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ, সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে।