Image description

গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট)-এর নবনিযুক্ত উপাচার্যের বিরুদ্ধে আন্দোলনরত শিক্ষার্থীরা ক্যাম্পাসটি অনির্দিষ্টকালের জন্য শাটডাউনের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার আন্দোলনরত শিক্ষার্থীরা এ ঘোষণা দেন। এতে কার্যত অচল পড়ে ডুয়েট ক্যাম্পাসের সকল কার্যক্রম।

এ কর্মসূচি ঘোষণার আগ পর্যন্ত শিক্ষার্থীদের পক্ষ থেকে দু’দিন ধরে ব্লকেড কর্মসূচি চলছিল। ভিসি’র বিরুদ্ধে তাদের আন্দোলন চলছে ৬ দিন ধরে। বিশ্ববিদ্যালয়ে নতুন নিয়োগ দেয়া ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল যোগদান করতে আসলে ভিসি সমর্থক ও বিরোধীদের মধ্যে রোববারের সংঘর্ষের ঘটনায় অজ্ঞাত পরিচয়ের ২৫০ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ।

গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডুয়েট-এর নতুন ভাইস চ্যান্সেলর নিয়োগকে কেন্দ্র করে পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। মঙ্গলবার সকাল থেকেই ভিসি বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীরা ডুয়েট ব্লকেড কর্মসূচি পালন করছে। ডুয়েটের মেইন গেটে তালা ঝুলিয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ক্যাম্পাসে অবস্থান নিয়ে শান্তিপূর্ণভাবে এ কর্মসূচি পালন করছে। শিক্ষা কার্যক্রম পুরোপুরি বন্ধ রয়েছে। প্রশাসনিক কার্যক্রমও স্থবির হয়ে পড়েছে।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, নতুন নিয়োগ দেয়া ভিসি ড. মোহাম্মদ ইকবালের নিয়োগ বাতিল না করা পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে। তারা এই ভিসিকে কোনোভাবেই মেনে নেবেন না। এ ছাড়াও রোববার যারা হামলা চালিয়ে ডুয়েট শিক্ষার্থীদের রক্তাক্ত করেছে তাদের বিচার করতে হবে বলে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এর আগে ১৪ই মে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অধ্যাপক ড. মোহাম্মদ ইকবালকে চার বছরের জন্য ডুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ দেয়া হয়।