Image description

কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে চট্টগ্রামে মানববন্ধন করেছে ওমরগনি এম ই এস কলেজ ছাত্রলীগ।

রবিবার সকালে নগরের এম এম আলী সড়কে জেলা শিল্পকলা একাডেমির সামনে পালন করা হয় কর্মসূচিটি।

নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির এ মানববন্ধনে অংশ নেন ৩০ থেকে ৩৫ জন যুবক। এসময় ব্যানারে লেখা ছিল, ‘স্বদেশ প্রত্যাবর্তন দিবসে প্রত্যয় আরেক প্রত্যাবর্তনের। দেশরত্ন শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক রায় বাতিল ও মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে।’

এম ই এস কলেজ ছাত্রলীগ ও ছাত্র সংসদের যৌথ উদ্যোগে সকাল ৯টার দিকে অল্প সময়ের জন্য অনুষ্ঠিত হয় মানববন্ধনটি।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আজাদ জানান, কর্মসূচিটি দুই থেকে তিন মিনিট ছিল স্থায়ী। ভিডিও ফুটেজে দেখা গেছে, অংশগ্রহণকারীরা ছবি তুলে দ্রুত ত্যাগ করেন স্থান।

ঘটনাস্থল থেকে ব্যানার জব্দের পাশাপাশি তাদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।