ফিলিস্তিনি ছাত্রীদের শিক্ষা সহায়তা দিতে ঢাকা বিশ্ববিদ্যালয়, ফিলিস্তিন দূতাবাস ও ইসলামী ব্যাংকের মধ্যে একটি ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
আজ রবিবার (১৭ মে) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে এই সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী, ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রমজান এবং ইসলামী ব্যাংকের পক্ষে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ড. এম কামাল উদ্দিন জসিম সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। এ ছাড়া প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, বিভিন্ন অনুষদের ডিন, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অফিসের পরিচালক এবং ইসলামী ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সমঝোতা স্মারক অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক প্রোগ্রামে ভর্তি হওয়া ১২ জন ফিলিস্তিনি ছাত্রীর পড়াশোনা ও জীবনযাত্রার খরচ বাবদ ইসলামী ব্যাংক আর্থিক সহায়তা প্রদান করবে।
উল্লেখ্য, ইতোমধ্যে এই ১২ জন ছাত্রীর টিউশন ফি ও আনুষঙ্গিক খরচ বাবদ প্রায় ৮৫ হাজার ৫৫০ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১ কোটি ৬ লাখ ৯৩ হাজার ৭৫০ টাকার সমতুল্য, সম্পূর্ণ মওকুফ করা হয়েছে।
উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম চলমান মানবিক সংকটে ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক সহযোগিতা ও শিক্ষার সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
ফিলিস্তিনি জনগণের ওপর ইসরায়েলি হামলা ও হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়াতে হবে এবং মানব কল্যাণে একসঙ্গে কাজ করতে হবে।
ফিলিস্তিনি রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রমজান এই উদ্যোগের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইসলামী ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং ফিলিস্তিনের সার্বিক পরিস্থিতি ও ইসরায়েলি নৃশংসতার বিষয়ে অতিথিদের অবহিত করেন। ফিলিস্তিনি জনগণের পাশে থাকার জন্য তিনি বাংলাদেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।