Image description

‎আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শিক্ষার্থীদের বাড়ি ফেরা নির্বিঘ্ন ও নিরাপদ করতে বিশেষ উদ্যোগ নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসন। ঈদকে কেন্দ্র করে গণপরিবহনে অতিরিক্ত চাপ, বাসভাড়া বৃদ্ধি এবং যাত্রাপথে ভোগান্তির বিষয় বিবেচনায় নিয়ে শিক্ষার্থীদের জন্য বিভাগীয় শহরভিত্তিক বিশেষ বাস সার্ভিস চালুর নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রবিবার (১৭ মে) বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি নিশ্চিত করে। এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) শিক্ষার্থীদের সুবিধার্থে বিভাগীয় শহরে বাস সার্ভিস চালুর দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আনুষ্ঠানিক আবেদন জানায়।

জকসুর পক্ষ থেকে উপাচার্য বরাবর দেওয়া আবেদনে উল্লেখ করা হয়, ঈদকে কেন্দ্র করে দেশের বিভিন্ন রুটে যানবাহনের অতিরিক্ত চাপ, ভাড়া বৃদ্ধি এবং নিরাপত্তাজনিত ঝুঁকির কারণে প্রতিবছর শিক্ষার্থীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। তাই শিক্ষার্থীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও সাশ্রয়ী যাতায়াত নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বিভাগীয় শহরগুলোতে বিশেষ বাস সার্ভিস চালু করা জরুরি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক ড. তারেক বিন আতিক তার ব্যক্তিগত ফেসবুক পোস্টে জানান, উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীনের অনুমোদনক্রমে ঈদুল আযহার ছুটিতে শিক্ষার্থীদের বিভাগীয় শহরে পৌঁছে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

তিনি আরও জানান, ঈদুল আযহার ছুটিকালীন সময়ে একান্ত প্রয়োজন ছাড়া বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবহার না করার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়েছে।

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জকসু) ভিপি রিয়াজুল ইসলাম বলেন, ‘আসন্ন ঈদুল আযহার ছুটিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপদ ও স্বস্তিদায়কভাবে নিজ নিজ গন্তব্যে পৌঁছানো নিশ্চিত করতে জকসুর পক্ষ থেকে মাননীয় উপাচার্য স্যারের কাছে বিভাগীয় শহরভিত্তিক বাস সার্ভিস চালুর আবেদন জানানো হয়েছে। শিক্ষার্থীদের দুর্ভোগ, অতিরিক্ত ভাড়া আদায় ও পরিবহন সংকটের বিষয়টি বিবেচনায় নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতোমধ্যে ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করেছে। আমরা আশা করছি, খুব দ্রুত সময়ের মধ্যেই প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করে শিক্ষার্থীদের জন্য এই বিশেষ বাস সার্ভিস চালু করা হবে।’

জকসুর পরিবহন সম্পাদক মো. মাহিদ হোসেন বলেন, ‘ঈদের সময় অতিরিক্ত ভাড়া আদায় ও যানবাহনের সংকট প্রতি বছরই শিক্ষার্থীদের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়ায়। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের অনেক শিক্ষার্থী অতিরিক্ত ভাড়া বহন করতে হিমশিম খান। তাই শিক্ষার্থীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাত্রা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, খুব শিগগিরই বাসের রুট, সময়সূচি ও নিবন্ধন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শিক্ষার্থীরা। তারা মনে করছেন, ঈদের সময় গণপরিবহনের অতিরিক্ত চাপ ও ভোগান্তির মধ্যে বিশ্ববিদ্যালয়ের বিশেষ বাস সার্ভিস চালুর এ সিদ্ধান্ত শিক্ষার্থীদের যাত্রাকে আরও স্বস্তিদায়ক, নিরাপদ ও সাশ্রয়ী করবে।