Image description

সাম্প্রতিক সময়ে মিরপুরের শাহ আলী মাজারে ঘটে যাওয়া অপ্রত্যাশিত ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন মহলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে যে অভিযোগ উত্থাপন করা হচ্ছে, তা সম্পূর্ণ অপ্রমাণিত, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করা হয়েছে। 

রোববার (১৭ মে) রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে এ দাবি করেন

বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি দায়িত্বশীল, গণতান্ত্রিক ও আদর্শিক রাজনৈতিক সংগঠন। দলটি কখনো মাজার, ধর্মীয় প্রতিষ্ঠান কিংবা কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ধর্মীয় অধিকার ও স্বাধীনতায় হস্তক্ষেপ করে না এবং হামলা-সহিংসতার রাজনীতিতে বিশ্বাস করে না।

সম্প্রতি কবি ও চিন্তক ফরহাদ মজহার জামায়াতে ইসলামীকে জড়িয়ে যে বক্তব্য দিয়েছেন, তা অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত। বিশেষ করে কোনো নিরপেক্ষ তদন্ত বা সুনির্দিষ্ট প্রমাণ ছাড়াই একটি দায়িত্বশীল রাজনৈতিক দলকে দায়ী করে বক্তব্য দেওয়া একজন সচেতন বুদ্ধিজীবী ও চিন্তকের কাছ থেকে জাতি প্রত্যাশা করে না।

আমরা মনে করি, এ ধরনের বক্তব্য সমাজে বিভ্রান্তি, বিভাজন ও অস্থিরতা সৃষ্টি করতে পারে। দেশের চলমান রাজনৈতিক ও সামাজিক বাস্তবতায় সবার উচিত দায়িত্বশীল আচরণ করা এবং যাচাই-বাছাই ছাড়া কোনো ব্যক্তি বা সংগঠনের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন থেকে বিরত থাকা।

বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় শান্তি, সহনশীলতা, সম্প্রীতি ও আইনের শাসনে বিশ্বাসী। শাহ আলী মাজারে ঘটে যাওয়া ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত ও বিচারের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।