মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় শনিবার (১৬ মে) বিকেল ৩টার দিকে ১০ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত শিশুটি হলো আছিয়া আক্তার, কুয়েত প্রবাসী আনোয়ার হোসেন ও নাজমা বেগম দম্পতির মেয়ে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আছিয়ার বাড়িতে তার সৎ মামা রাজা (৪৫) ও মা বসবাস করতেন। মরদেহ ঘরে পড়ে থাকতে দেখার পর পুলিশে খবর দেওয়া হয়। প্রাথমিক তদন্তে শিশুটির গলায় শ্বাসরোধের চিহ্ন এবং ধর্ষণের আলামত পাওয়া গেছে। পুলিশের ধারণা, তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।
ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে রাজাকে আটক করে পুলিশ। তিনি বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার তেঁতুলবাড়িয়া গ্রামের মৃত আইয়ুব আলী হাওলাদারের ছেলে।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল হান্নান জানান, মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রক্রিয়া এবং আইনগত ব্যবস্থা গ্রহণ চলছে।
এ ঘটনায় স্থানীয়রা শোক প্রকাশ করেছেন এবং দ্রুত বিচারের দাবি জানিয়েছেন।