Image description

সংযুক্ত আরব আমিরাতের উপকূল এলাকা থেকে একটি জাহাজ জব্দ করা হয়েছে। ঠিক কারা জব্দ করেছে তা জানা না গেলেও জাহাজটি ইরান জলসীমার দিকে নেওয়া হচ্ছে। ইউকে মেরিটাইম এজেন্সি এ খবর নিশ্চিত করেছে।

 

এক প্রতিবেদনে বৃহস্পতিবার (১৪ মে) এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এপি।

 

এক বিবৃতিতে এজেন্সি জানিয়েছে, আমিরাতের ফুজাইরাহ থেকে ৭০ কিলোমিটার দূরে একটি জাহাজ অজ্ঞাত ব্যক্তিরা জব্দ করেছে। এটি ইরানের জলসীমার দিকে নিয়ে যাওয়া হচ্ছে। তবে ঠিক কারা জাহাজটি জব্দ করেছে তা নিশ্চিত করা হয়নি বিবৃতিতে।

 

রোববার (১০ মে) হরমুজে দক্ষিণ কোরিয়া তাদের একটি কার্গো জাহাজে হামলার খবর জানা যায়। কাতার পরবর্তীতে জানায়, আমিরাত থেকে তাদের জলসীমায় জাহাজটি আসছিল। তখন এতে ড্রোন হামলা চালানো হয়।

 

দুই সপ্তাহ আগে হরমুজে একট অভিযান শুরুর ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার লক্ষ্য ছিল শক্তি প্রয়োগের মাধ্যমে হরমুজে জাহাজ চালাবেন। তবে সৌদি আরব ও বাহরাইন তাদের আকাশসীমা ও ঘাঁটি মার্কিন সেনাদের জন্য বন্ধ করে দেয়। এতে ট্রাম্পকে তার অভিযান থেকে পিছিয়ে যেতে হয়।

ট্রাম্প অবশ্য ওই সময় দাবি করেছিলেন ইরানিদের সঙ্গে আলোচনায় অগ্রগতি হওয়ায় তিনি অভিযান স্থগিত করেছেন।

 

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র, দখলদার ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধ শুরুর পর এবং সর্বশেষ যুদ্ধবিরতি কার্যকরের পর হরমুজ প্রণালিতে একাধিক জাহাজ হামলার শিকার হয়েছে। ইরান হরমুজ প্রণালি বন্ধ করে রেখেছে। অপরদিকে যুক্তরাষ্ট্র ইরানি বন্দরগুলোর ওপর নৌ-অবরোধ আরোপ করেছে। যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট জ্বালানির প্রায় ২০ শতাংশ হরমুজ দিয়ে সরবরাহ হতো।