ভারতে অবৈধ অনুপ্রবেশের মামলায় এক বছর কারাভোগ শেষে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছে ২০ বাংলাদেশি শিশু। বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বুধবার রাতে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
ফেরত আসা শিশুদের মধ্যে ১৩ জন মেয়ে ও ৭ জন ছেলে। তাদের বাড়ি নড়াইল, যশোর, খুলনা ও বাগেরহাট জেলায়।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ওসি শাখাওয়াত হোসেন জানান, ২০২৪ সালের শুরুতে এসব শিশু বাবা-মায়ের সঙ্গে দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতের পশ্চিমবঙ্গে যায়। সেখানে তাদের বাবা-মা বিভিন্ন বাসাবাড়ি ও মাঠে কাজ করতেন। পরে ২০২৫ সালের শেষদিকে ভারতীয় পুলিশের হাতে আটক হয় শিশুরা। অবৈধ অনুপ্রবেশের দায়ে দেশটির আদালত তাদের এক বছরের সাজা দিয়ে কারাগারে পাঠান।
কারাভোগ শেষে ভারতের মানবাধিকার সংস্থার আবেদনের পর পশ্চিমবঙ্গের কিশোলয়, সুরকন্যাসহ সাতটি শেল্টার হোমে রাখা হয় শিশুদের। পরে দুই দেশের দূতাবাসের সহযোগিতা ও ভারত সরকারের বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তারা দেশে ফেরার সুযোগ পায়।
ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে রাতেই শিশুদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন জানান, আইনি প্রক্রিয়া শেষে জাস্টিস অ্যান্ড কেয়ার, মহিলা আইনজীবী সমিতি ও রাইটস যশোর নামে তিনটি মানবাধিকার সংস্থার কাছে শিশুদের হস্তান্তর করা হয়েছে। আজ তাদের নিজ নিজ পরিবারের কাছে পৌঁছে দেওয়ার কথা।