প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত “ক্লিন সিটি, গ্রিন সিটি” কর্মসূচি বাস্তবায়নে মুক্তিযোদ্ধারা আবারও রাজপথে নেমেছেন বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
বৃহস্পতিবার (১৪ মে) সকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নগর ভবনে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্মের উদ্যোগে আয়োজিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ডিএসসিসি প্রশাসক বলেন, ১৯৭১ সালে যেমন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ডাকে মুক্তিযোদ্ধারা দেশের স্বাধীনতার জন্য হাতে অস্ত্র তুলে নিয়েছিলেন, আজও তেমনি প্রধানমন্ত্রী তারেক রহমানের ডাকে ঢাকা শহরকে ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’করতে তারা রাজপথে নেমেছেন।
একজন মুক্তিযোদ্ধা ও ডিএসসিসি প্রশাসক হিসেবে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা প্রজন্মকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আমরা একদিন চলে যাব, কিন্তু মুক্তিযোদ্ধা প্রজন্মকেই দেশের দায়িত্ব নিতে হবে।
তিনি আরও বলেন, ঢাকা আমাদের প্রাণের শহর।
পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানটি নগর ভবন থেকে শুরু হয়ে, জাতীয় স্টেডিয়ামের ১ নম্বর গেট হয়ে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।