Image description

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি বলেছেন, যারা আজকের দিনে আমার এই সংবর্ধনায় শামিল হতে পারেননি, আমি তাদের দুর্ভাগা বলব। কারণ এই মঞ্চে যারা উপস্থিত, তারাই তো অরিজিনাল বিএনপি। তারাই হচ্ছে সাচ্চা বিএনপি। যারা আসতে পারেননি দুঃখজনক হলেও সত্যি তারা বিএনপিকে ডাকাতি করেছেন।’

 

বৃহস্পতিবার (১৪ মে) বিকেল সাড়ে ৩টার দিকে জামালপুর শহরের বকুলতলায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

 

প্রধান অতিথির বক্তব্যে নিলোফার চৌধুরী মনি বলেন, জীবনে অনেক গয়না পরলেও আজকের এই ভালোবাসার মালাগুলো আমার কাছে সবচেয়ে মূল্যবান। কারণ এর মধ্যে নেতাকর্মীদের ভালোবাসা, ত্যাগ এবং আন্তরিকতা রয়েছে।

 

রাজনৈতিক জীবনে অনেক অর্জন থাকলেও দলের নেতাকর্মীদের ভালোবাসা ও জনগণের দোয়া তার সবচেয়ে বড় প্রাপ্তি বলে জানান এই এমপি। তিনি দলীয় চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার কাছ থেকে পাওয়া ভালোবাসা ও স্বীকৃতির স্মৃতিচারণ করে আবেগাপ্লুত হন।

 

মনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সবশেষ যেবার হাসপাতালে গেলেন, এর দুদিন আগে বিএনপি মহাসচিবকে ডেকে বলেছিলেন, ‘নিলোফার চৌধুরী মনিকে কেন মনোনয়ন দেওয়া হয়নি?’ একটা জীবনে অনেকেই অনেকভাবে মনোনয়ন নিতে পারেন। কিন্তু জীবনে এই ভালোবাসা কয়জন পেতে পারেন? আমি এই ভালোবাসা পেয়েছি। এটাই আমার জীবনে সবচেয়ে বড় পাওয়া। সেই বড় পাওয়ার সঙ্গে আপনারা আমাকে যতই অস্বীকার করেন যতই কিছু বলেন, তারা কিন্তু আমাকে অস্বীকার করে না।

তার জীবনের সবচেয়ে পরম প্রাপ্তির কথা জানিয়ে তিনি বলেন, তারা আমাকে বলেছে, একজন যদি এমপি হয়, সেটা আগে নিলোফার চৌধুরী মনি হবে, তারপর অন্যরা। তারা আমাকে বলেছে, আমার নেত্রী আমার মা খালেদা জিয়া বলেছিলেন, ‘আমি সারাদিন শুয়ে থেকে অসুস্থ শরীর নিয়ে যার টকশো দেখি, তাকে আপনারা মনোনয়ন দেননি? এই যে বলাটা, আমার জীবনে এটা সবচেয়ে পরম প্রাপ্তি। মানুষের দোয়া কয়জন পায়? মানুষের ভালোবাসা কয়জন পায়? মানুষ হয়তো বিপদে পড়ে মানুষের ম্যান্ডেট নিতে পারে, কিন্তু দোয়া-ভালোবাসা সবার ভাগ্যে জোটে না।

 

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও জেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক, সহসভাপতি শামীম আহমেদ, সাংগঠনিক সম্পাদক ফিরোজ মিয়া, জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খান প্রমুখ।