জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এক নারী শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা করেন এক বহিরাগত যুবক। এ ঘটনায় অভিযুক্তের বিচার এবং ক্যাম্পাসে নিরাপত্তা জোরদারের দাবিতে বিক্ষোভ মিছিল ডাকেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কিন্তু বিচারের দাবিতে ডাকা মিছিলে কয়েকজন শিক্ষার্থী ভিসি এবং প্রক্টরের পদত্যাগ দাবি করে স্লোগান-বক্তব্য দিতে থাকেন। এতে উদ্দেশ্য ব্যাহত হওয়ায় ক্ষোভ প্রকাশ করে বিক্ষোভের স্থান ত্যাগ করতে দেখা যায় সাধারণ শিক্ষার্থীদের।
বুধবার (১৩ মে) রাত ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের সামনে এ ঘটনা ঘটে। জানা গেছে, ভিসি প্রক্টরের পদত্যাগের দাবি করা শিক্ষার্থীদের সবাই বামপন্থী ছাত্র রাজনীতির সাথে যুক্ত। এসময় তাদের ‘এক দুই তিন চার, প্রক্টর তুই গদি ছাড়, ভিসি তুই গদি ছাড়’— স্লোগান দিতে দেখা যায়।
বিক্ষোভের স্থান থেকে ফিরে যাওয়া শিক্ষার্থীদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ৫০তম ব্যাচের শিক্ষার্থী আফ্রিদি হাসান বলেন, আমরা সাধারণ শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে এসেছি অভিযুক্তের বিচারের দাবিতে। আমরা ভেবেছিলাম আজকের কর্মসূচি থেকে আমরা ক্যাম্পাসের নিরাপত্তা নিয়ে প্রশাসনের কাছে দাবি জানাব, প্রশাসনের কাছ থেকে আমরা সেই নিশ্চয়তা নিয়ে ফিরব। কিন্তু এখানে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের কিছু শিক্ষার্থী আজকের কর্মসূচিতে ভিসি প্রক্টরের পদত্যাগের দাবি তুলছেন। কিন্তু আমরা কারও পদত্যাগের উদ্দেশ্যে এখানে আসিনি। আমাদের আজকের কর্মসূচিকে তারা ভিন্নদিকে নিতে চেষ্টা করছে, এজন্য আমরা চলে যাচ্ছি।
অন্যদিকে ৫১তম ব্যাচের এক শিক্ষার্থী বলেন, আজকের কর্মসূচিকে কিছু শিক্ষার্থী মূল উদ্দেশ্য থেকে ভিন্ন দিকে প্রবাহিত করার চেষ্টা করছেন। ফলে আমরা আজকের বিক্ষোভ কর্মসূচি থেকে চলে যাচ্ছি।
নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ৫২তম ব্যাচের শিক্ষার্থী মুন বলেন, আমরা সাধারণ শিক্ষার্থীরা মেয়েদেরকে হল থেকে ডেকে নিয়ে আজকের কর্মসূচিতে এসেছি। কিন্তু আজকের কর্মসূচিকে অনেকে তাদের রাজনৈতিক দলের ব্যানারে নেওয়ার চেষ্টা করছেন। আমরা শিক্ষার্থীরা এটি হতে দেব না। ধর্ষণচেষ্টার অভিযুক্তের বিচার নিশ্চিত করেই আন্দোলন থেকে সরব।
উল্লেখ্য, গত মঙ্গলবার (১২ মে) রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিত্যক্ত পুরাতন ফজিলাতুন্নেছা হল ও আল-বেরুনী হলের সম্প্রসারিত অংশ সংলগ্ন এলাকায় এক নারী শিক্ষার্থীকে জঙ্গলে টেনে নিয়ে ধর্ষণচেষ্টার ঘটনা ঘটে। এ নিয়ে বুধবার আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা।