গাজীপুরে টিকটক করতে গিয়ে তিস্তা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে দুইজনের মৃত্যু হয়েছে। তারা দুজনই মধ্যবয়সী বলে জানা গেছে।
বুধবার (১৩ মে) রাত সোয়া ৯টার দিকে গাজীপুরে ধীরাশ্রম রেলওয়ে স্টেশনে ঘটনাটি ঘটে। তবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ কাইয়ুম আলী মৃত্যুর তথ্যটি এশিয়া পোস্টকে নিশ্চিত করেছেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গাজীপুরের ধীর আশ্রম রেলওয়ে স্টেশনটি নান্দনিক ডিজাইন হওয়ায় বিভিন্ন সময় টিকটকরা এসে ভিড় করেন। রাতেও পর্যাপ্ত আলো থাকার কারণে অনেকেই রাতে আসে। বুধবার রাত সাড়ে নয়টার দিকে দুজন রেল লাইনের উপর টিকটক ভিডিও করছিলেন। এমন সময় ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস তাদেরকে চাপা দেয়। এতে কাটা পড়ে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়েছে।
এ বিষয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাইয়ুম আলী বলেন, দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তারা ৷ লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।