Image description

পল্লী অবকাঠামো ও আর্থ-সামাজিক উন্নয়নকে লক্ষ্য করে ৮ম বাংলাদেশ সরকার বিনিয়োগ সুকুকের নিলাম সম্পন্ন করেছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে বুধবার (১৩ মে) অনুষ্ঠিত এ নিলামে ৫,৯০০ কোটি টাকা অভিহিত মূল্যের ৭ বছর মেয়াদি ইজারা সুকুক ইস্যু করা হয়, যেখানে বার্ষিক ১০.৪০ শতাংশ ভাড়া হার নির্ধারিত ছিল।

নিলামে শরিয়াহভিত্তিক ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানি, প্রচলিত ব্যাংকের ইসলামিক উইন্ডো, বিভিন্ন প্রভিডেন্ট ফান্ডসহ ব্যক্তি বিনিয়োগকারীদের কাছ থেকে মোট ৭২,৫৯৭.৯৪ কোটি টাকার বিড জমা পড়ে। ইস্যু করা পরিমাণের তুলনায় এ আবেদন প্রায় ১২.৩০ গুণ বেশি হওয়ায় বাংলাদেশ ব্যাংক আনুপাতিক হারে সুকুক বরাদ্দ দেয়।

এর মধ্যে ব্যক্তিপর্যায়ের বিনিয়োগকারী, প্রভিডেন্ট ফান্ড, মিউচুয়াল ফান্ড ও অন্যান্য শ্রেণির ১,০১১টি সফল বিডের বিপরীতে ৪৪১.৬২ কোটি টাকার সুকুক বরাদ্দ দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, প্রথমবারের মতো এই সুকুক নিলাম কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব সফটওয়্যার শরিয়াহ সিকিউরিটি মডুলের (এসএসএম) মাধ্যমে সম্পন্ন করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সুকুক ইস্যুর মাধ্যমে শরীয়াহভিত্তিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো তাদের অতিরিক্ত তারল্য উন্নয়ন প্রকল্পে বিনিয়োগের সুযোগ পাচ্ছে। পাশাপাশি বিনিয়োগের নতুন ক্ষেত্র তৈরি হওয়ায় শরীয়াহভিত্তিক আর্থিক বাজার আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।

সুকুককে স্ট্যাচুটরি লিকুইডিটি রিজার্ভ (এসএলআর) হিসেবে ব্যবহার করার সুযোগ থাকছে। পাশাপাশি ইসলামিক ব্যাংক ও উইন্ডোসমূহ এই সুকুক জামানত রেখে বাংলাদেশ ব্যাংক থেকে ইসলামিক ব্যাংক লিকুইডিটি ফ্যাসিলিটি (আইবিএলএফ) সুবিধাও গ্রহণ করতে পারবে।

আগামী ১৪ মে ২০২৬ থেকে সুকুকটি সেকেন্ডারি মার্কেটে ক্রয়-বিক্রয়ের সুযোগ থাকবে। এতে শরীয়াহভিত্তিক ও প্রচলিত উভয় ধরনের ব্যাংক, বীমা কোম্পানি এবং ব্যক্তি বিনিয়োগকারীরা অংশ নিতে পারবেন।

বাংলাদেশ ব্যাংক বলেছে, এই সুকুক ইস্যুর মাধ্যমে পল্লী এলাকার অবকাঠামো উন্নয়ন ও আর্থ-সামাজিক অগ্রগতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।