Image description

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সভাপতি নজরুল ইসলাম মিঠুকে চীন যেতে বাধা দেওয়া হয়েছে।

রবিবার (৩ মে) দুপুর ১২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গেলে ইমিগ্রেশন থেকে তাকে ফেরত পাঠানো হয়।

তিনি ওভারসিজ করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ওকাব) সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে জার্মান নিউজ এজেন্সি ডিপিএ’র বাংলাদেশ করেসপনডেন্ট তিনি।

 

চীন যেতে বাধা দেওয়ার বিষয়ে নজরুল ইসলাম মিঠু গণমাধ্যমকে জানান, আজ চীনে ভ্রমণের উদ্দেশ্যে বোর্ডিং পাস সংগ্রহের পর ইমিগ্রেশন কাউন্টারে তাকে থামানো হয়। পরে ইমিগ্রেশন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও গোয়েন্দা সংস্থার সদস্যরা তার বিষয়ে যাচাই শুরু করেন।

তিনি জানান, পাসপোর্ট ও কাগজপত্র যাচাইয়ের পর ইমিগ্রেশন পুলিশের একজন এসপির অফিসে নেওয়া হয়। সেখানে তার পেশা, কর্মস্থল এবং কোনো মামলায় জড়িত আছেন কি না— এসব বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

পরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও সশস্ত্র বাহিনীর গোয়েন্দা সংস্থা ডিজিএফআইর সদস্যরাও তার সঙ্গে কথা বলেন বলে তিনি জানান। দীর্ঘ সময় অপেক্ষার পর জানানো হয়— পুলিশের দিক থেকে তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। তবে ডিজিএফআই’র ‘ক্লিয়ারেন্স’ না আসায় ভ্রমণে সাময়িক বাধা দেওয়া হতে পারে।

 

তিনি অভিযোগ করেন, তাকে বিদেশে যেতে বাধা দেওয়ার নির্দিষ্ট কোনো কারণ জানানো হয়নি এবং সংশ্লিষ্ট কর্মকর্তারাও এ বিষয়ে কোনো তথ্য পাননি বলে জানিয়েছেন।

প্রায় এক ঘণ্টার বেশি সময় বিমানবন্দরের যাত্রী লাউঞ্জে অপেক্ষার পর শেষ পর্যন্ত তাকে পাসপোর্ট ফেরত দেওয়া হয় এবং তিনি যাত্রা বাতিল করে ফিরে যান। এই ঘটনা আন্তর্জাতিক মানবাধিকার ঘোষণার চলাচলের স্বাধীনতা সংক্রান্ত অনুচ্ছেদের পরিপন্থী।