গাজার ভবিষ্যৎ নিয়ে সর্বশেষ আলোচনার পর হামাসসহ ফিলিস্তিনি দলগুলো একটি যৌথ প্রস্তাব দেয়। কিন্তু সেই প্রস্তাব ইসরায়েল ও যুক্তরাষ্ট্র প্রত্যাখ্যান করে। কারণ, ওই প্রস্তাবে বলা হয়েছিল, স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস নিরস্ত্র হবে, তবে এর বিনিময়ে ফিলিস্তিন রাষ্ট্র গঠন ও নিরাপত্তার নিশ্চয়তা দিতে হবে।
রোববার (৩ মে) বিষয়টি সম্পকে অবগত একজন ঊর্ধ্বতন ফিলিস্তিনি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই।
সূত্রটি জানায়, প্রস্তাবে বলা হয়েছে, হামাসসহ অন্যান্য গোষ্ঠীর নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনা করতে হলে তা ফিলিস্তিনিদের রাজনৈতিক অধিকার নিশ্চিত করার সঙ্গে যুক্ত করতে হবে। সঙ্গে এটাও শর্ত রাখা হয়েছে যে, গাজার মানুষের ওপর হামলা বন্ধ করতে হবে এবং তাদের আর হত্যা করা হবে না এমন নিশ্চয়তা দিতে হবে।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে মিশরের রাজধানী কায়রো ও তুরস্কের বৃহত্তম শহর ইস্তাম্বুলে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে হামাসসহ ফিলিস্তিনি দলগুলোর মধ্যে ব্যাপক মতবিরোধ লক্ষ্য করা গেছে। বিরোধের মূল কারণ হলো গাজায় টেকনোক্র্যাটিক সরকার প্রতিষ্ঠার আগে হামাস ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীগুলোকে অবশ্যই নিরস্ত্র হওয়ার দাবিতে অনড় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।
ফিলিস্তিনি সূত্রটি জানায়, গত শুক্রবার ফিলিস্তিনি প্রতিনিধিরা তাদের প্রস্তাব মিশর ও তুরস্কের কাছে হস্তান্তর করেছেন। দেশ দুটি ফিলিস্তিনি গোষ্ঠী ও মার্কিন-ইসরায়েলি জোটের মধ্যে এই আলোচনায় মধ্যস্থতা করে আসছে। পরদিন মধ্যস্থতাকারী ও আমেরিকান উভয় পক্ষই ফিলিস্তিনি দলগুলোর প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। আমেরিকানদের পক্ষ থেকে ফিলিস্তিনি আলোচক দলকে গাজায় পুনরায় হামলার হুমকি বার্তাও পাঠানো হয়েছে।
ফিলিস্তিনি দলগুলো জোর দিয়ে বলছে যে, ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতিসহ কোনো রাজনৈতিক সমাধানের আগে নিরস্ত্রীকরণ হতে পারে না। অন্যদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র এটিকে যে কোনো টেকসই যুদ্ধবিরতির পূর্বশর্ত হিসেবে আখ্যায়িত করেছে।