Image description

সিরাজগঞ্জে দুই বছর আগের ঘটনার পুনরাবৃত্তি ঘটালো বেসরকারি সংস্থা টিএমএসএস। কিস্তির টাকা পরিশোধ করতে না পারায় এনজিওর করা মামলায় দেড় বছরের শিশু সন্তানসহ গ্রেপ্তার হন মোছা. জান্নাতি খাতুন (২৫) নামে এক মা।

শুক্রবার (১ মে) সিরাজগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-৩ আদালতের বিচারক ওবায়দুল হক রুমি তাকে জামিনের আদেশ দেন। জান্নাতি সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের নাদোসৈয়দপুর গ্রামের পাটগাড়ী পাড়ার আব্দুর রাজ্জাকের স্ত্রী।

 

সিরাজগঞ্জ সদর কোর্ট পরিদর্শক রওশন ইয়াজদানি এ তথ্য নিশ্চিত করে জানান, এনআই অ্যাক্টের মামলায় জান্নাতি নামের গৃহবধূকে তাড়াশ থানা পুলিশ গ্রেপ্তার করে আদালতে পাঠায়। সকালে বিচারক তার জামিন মঞ্জুর করেন।

 

এর আগে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যার দিকে নাদোসৈয়দপুর পাটগাড়ী পাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এসময় তার দেড় বছরের শিশু সন্তান আব্দুর রহিমকেও তার সঙ্গে নেওয়া হয়।

 

দুই বছর ২০ দিন আগে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এমনই একটি ঘটনা ঘটেছিল। ১৩ হাজার ঋণের টাকা পরিশোধ করতে না পারায় খালেদা পারভীন নামে এক গৃহবধূকে তিন বছরের শিশু সন্তান রেখে ঈদের আগের দিনে কারাগারে যেতে হয়েছিল। স্বেচ্ছাসেবীদের সহায়তায় উদ্দীপন নামে এনজিওর ঋণ পরিশোধ করার পর ঈদের ছুটি শেষে মুক্ত হন তিনি।

জানা যায়, ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ (টিএমএসএস) নামে একটি বেসরকারি সংস্থার ক্ষুদ্র ঋণ প্রকল্পের মাঠকর্মী হিসেবে চাকরি করতেন জান্নাতির স্বামী আব্দুর রাজ্জাক। তিনি নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার কাছিকাটা শাখায় কর্মরত ছিলেন। চাকরির শর্ত মোতাবেক ২৪ হাজার ৮০০ টাকা জামানত হিসেবে জমা রাখেন। পাশাপাশি আব্দুর রাজ্জাক স্ত্রী জান্নাতি খাতুনের নামে ৫০ হাজার টাকা ক্ষুদ্র ঋণও গ্রহণ করেন। এরপর আব্দুর রাজ্জাক ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ (টিএমএসএস) নামের এনজিওর চাকরি থেকে ইস্তফা দেন।

এদিকে বাকি ঋণ পরিশোধ না করায় টিএমএসএসের পক্ষ থেকে আদালতে মামলা করা হয়। ওই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে জান্নাতিকে গ্রেপ্তার করে তাড়াশ থানা পুলিশ।

আব্দুর রাজ্জাক বলেন, ৫০ হাজার টাকা ঋণের মধ্যে কিস্তিতে প্রায় ২৫ হাজার টাকা পরিশোধ করা হয়েছে। আমার চাকরির জামানত হিসেবে রাখা ২৪ হাজার ৮০০ টাকা স্ত্রীর ঋণের সঙ্গে সমন্বয় করতে ম্যানেজারকে অনুরোধ করেছিলাম। কিন্তু এনজিও কর্তৃপক্ষ জামানত রাখা ২৪ হাজার ৮০০ টাকা সমন্বয় না করে আমার স্ত্রী জান্নাতির নামে আদালতে মামলা করেন। আর কত টাকা দাবি করে মামলা করেছে এনজিও কর্তৃপক্ষ তা জানি না। জামানতের টাকাও তারা ফেরত দেয়নি।

তাড়াশ থানার ওসি হাবিবুর রহমান বলেন, নাটোরের আদালতে দায়ের করা একটি মামলায় জান্নাতির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) আমরা গ্রেপ্তারি পরোয়ানামূলে গ্রেপ্তার করে শুক্রবার (১ মে) সকালে আদালতে পাঠিয়েছি।

উদ্দীপন এনজিওর ১৩ হাজার টাকা ঋণ পরিশোধ করতে না পারায় ২০২৪ সালের ১১ এপ্রিল তিন বছরের শিশু মেয়ে ফাতেমাকে রেখে খালেদা পারভীন নামে এক গৃহবধূকে কারাগারে যেতে হয়। ঢাকায় পোশাক কারখানায় কর্মরত খালেদা ঈদের একদিন আগে ছুটিতে বাড়ি আসেন। ১০ এপ্রিল রাতে উল্লাপাড়া উপজেলার চর দমদমা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। ১১ এপ্রিল বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় তাকে। ৩ বছরের শিশু কন্যা ফাতেমাকে রেখে পুলিশের গাড়িতে উঠছিলেন খালেদা। এসময় মা-মেয়ের কান্নায় এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।

বিষয়টি নিয়ে দেশের বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। দেশজুড়ে সমালোচনার ঝড় বয়ে যায়। ঋণ পরিশোধের জন্য এগিয়ে আসে বিভিন্ন স্বেচ্ছাসেবী ব্যক্তি ও সংগঠন। ঋণ পরিশোধ করার পর ঈদের ছুটি শেষে আদালত খুললে মুক্ত হন খালেদা পারভীন।