এবার জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিচ্ছেন জামায়াতে ইসলামীর সাবেক আমির মতিউর রহমান নিজামীর ছোট ছেলে শিক্ষাবিদ ড. মোহাম্মদ নাদিমুর রহমান।
এনসিপির দায়িত্বশীল একাধিক নেতা নাদিমুর রহমানের যোগদানের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে বলেছেন, শিগগিরই অনুষ্ঠানের মাধ্যমে তাকে দলে যুক্ত করা হবে।
নাদিমুর রহমান তুরস্কের নিদে ওমের হালিসদেমির বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন।
এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া গণমাধ্যমকে বলেন, ‘নাদিমুর রহমান নিজে থেকেই এনসিপিতে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেন। আমরা তাকে স্বাগত জানিয়েছি। শিগগিরই আনুষ্ঠানিকভাবে তিনি আমাদের সঙ্গে যুক্ত হবেন।’
বিষয়টির সত্যতা নিশ্চিত করে নাদিমুর রহমান বলেন, ‘এনসিপি তরুণদের শক্তি। তাদের অনেক কাজ আমাকে আকৃষ্ট করেছে। এটি একটি সম্ভাবনাময় দল। তাদের সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ আছে। আমি এখন দেশের বাইরে। এখান থেকেই তাদের সঙ্গে যুক্ত হচ্ছি। দেশে একটি যোগদান অনুষ্ঠানের কথাও রয়েছে।’
এনসিপি নেতারা জানান, জুলাই গণঅভ্যুত্থানে আহত অন্তত চার হাজার ব্যক্তি এবং বিভিন্ন রাজনৈতিক দলের আরও অনেক নেতার সঙ্গে দলে যোগদানের বিষয়ে আলোচনা চলছে।
এর আগে গত ১৯ এপ্রিল আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাত এবং মুখপাত্র শাহরীন ইরাসহ ৪৫ জন এনসিপিতে যোগ দেন।
পরে গত ২৪ এপ্রিল বিএনপির বহিষ্কৃত নেতা ইসহাক সরকার, জুলাই গণঅভ্যুত্থানের নেতা ঢাবির সাবেক শিক্ষার্থী মহিউদ্দিন রনি, কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি, শেরেবাংলা এ কে ফজলুল হকের নাতনি ফেরসামিন হক ইকবাল, হাজী শরীয়ত উল্লাহর বংশধর আব্দুল্লাহ মোহাম্মদ হোসাইনও দলটিতে যোগ দেন।