Image description

ক্রমবর্ধমান বৈশ্বিক অস্থিরতা ও উত্তপ্ত বিতর্কের প্রেক্ষাপটে জাতিসংঘকে আরও শক্তিশালী ও কার্যকর করার আহ্বান জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

 

বুধবার (২৯ এপ্রিল) বেইজিংয়ে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সভাপতি অ্যানালেনা বেয়ারবকের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান।

 

ওয়াং ই বলেন, ক্রমবর্ধমান অস্থিরতা এবং উত্তপ্ত বিতর্কিত বিষয়গুলোর মধ্যে জাতিসংঘকে সমর্থন, পুনরুজ্জীবিত ও শক্তিশালী করার এটাই উপযুক্ত সময়। কিছু দেশ ‘জোর যার, মুল্লুক তার’ এই মানসিকতায় বিশ্বাসী। প্রকাশ্যে জাতিসংঘের মর্যাদা ও ভূমিকাকে চ্যালেঞ্জ করছে তারা। এই পরিস্থিতি সংস্থাটি ও তার বহুপাক্ষিকতার জন্য গুরুতর প্রতিবন্ধকতা তৈরি করছে।

 

প্রতিকূল পরিস্থিতিতে ঐক্য ও সহযোগিতার পথেই এগোনোর ওপর গুরুত্বারোপ করে ওয়াং বলেন, ‘জঙ্গলের আইন’কে প্রাধান্য পেতে না দেওয়া যাবে না। ক্ষমতার রাজনীতি ও জবরদস্তির মুখে ন্যায় ও সমতা সমুন্নত রাখতে হবে এবং বড় শক্তিকে নির্ণায়ক হতে দেওয়া যাবে না।

 
 

 

চলতি বছর জাতিসংঘে চীনের বৈধ আসন পুনরুদ্ধারের ৫৫তম বার্ষিকী উল্লেখ করে ওয়াং ই বলেন, চীন জাতিসংঘকে কেন্দ্র করে গড়ে ওঠা আন্তর্জাতিক ব্যবস্থাকে দৃঢ়ভাবে সমুন্নত রাখবে।

 

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সভাপতি অ্যানালেনা বেয়ারবক বলেন, জাতিসংঘের ৮০ বছরের পথচলা প্রমাণ করে যে পরিবর্তনশীল বৈশ্বিক চ্যালেঞ্জের মুখে কোনো দেশ, এমনকি প্রধান শক্তিগুলোও, একা এর মোকাবিলা করতে পারে না। শুধু একসঙ্গে কাজ করার মাধ্যমেই সকল পক্ষ যৌথভাবে এই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে পারে। এর মাধ্যমে সম্মিলিত অগ্রগতি অর্জন কো সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।

 

তিনি আশা প্রকাশ করে বলেন, ‘ইউএন-৮০ উদ্যোগ’-এর বাস্তবায়ন বৈশ্বিক শাসনের উন্নয়নে চীনের সঙ্গে সহযোগিতা জোরদার করার এবং যৌথভাবে বিশ্বশান্তি ও উন্নয়নকে এগিয়ে নেওয়ার একটি সুযোগ হিসেবে কাজ করবে।

 

সূত্র: সিএমজি বাংলা