টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার মাথায় পড়ে মিজানুর রহমান (৬৫) নামে এক রোগীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় হাসপাতালের অব্যবস্থাপনা ও নিরাপত্তাহীনতার অভিযোগ তুলেছে নিহতের পরিবার।
নিহত মিজানুর রহমান মগড়া ইউনিয়নের নন্দবালা গ্রামের বাসিন্দা। তিনি ডায়াবেটিসজনিত সমস্যার চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি ছিলেন।
পরিবারের ভাষ্য, চিকিৎসাধীন অবস্থায় হঠাৎ তার শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে অক্সিজেন দেওয়া হয়। এ সময় হাসপাতালের নবম তলার লিফট থেকে লোকজন বের হওয়ার সময় অরক্ষিত একটি অক্সিজেন সিলিন্ডার ধাক্কা লেগে তার মাথায় পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
নিহতের স্বজনরা দাবি করেন, হাসপাতালের অব্যবস্থাপনা ও অনিরাপত্তার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের শাস্তির দাবি জানিয়েছেন।
হাসপাতালের সহকারী রেজিস্ট্রার (মেডিসিন) ডা. বুলবুল আহমেদ মন্তব্য করেন, রোগী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এটি একটি দুর্ঘটনা এবং চিকিৎসায় কোনো অবহেলা ছিল না। লিফটে নেওয়ার সময় অনাকাঙ্ক্ষিতভাবে ঘটনাটি ঘটে।
টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. ফরাজী মো. মাহবুবুল আলম মঞ্জু তার ভাষ্যে জানান, ঘটনাটি যেভাবে ঘটেছে তা সম্পূর্ণ অব্যবস্থাপনার ইঙ্গিত দেয়। বিষয়টি তদন্তে একটি কমিটি গঠন করা হবে এবং প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।