রাজধানীর বনানীতে ভূঁইয়া পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উঠে গেছে সড়ক বিভাজকে। এ ঘটনায় নিহত হয়েছেন দুজন। আজ বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে ঘটে এ ঘটনা। তবে নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বনানী থানার ওসি ফরিদ আহমেদ বলছিলেন, মহাখালী থেকে উত্তরাগামী ভূঁইয়া পরিবহনের বাসটি চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
‘নিহত দুজন রোড ডিভাইডারের কাজ করছিলেন বলে জেনেছি। বাসটি আরেকজন পথচারীকে রক্ষা করতে গিয়ে রোড ডিভাইডারে ধাক্কা দিলে ওই দুজন চাপা পড়েন’, যোগ করেন তিনি।
এর আগে দুজনকে হাসপাতালে নিয়ে যাওয়ার তথ্য দেন পুলিশের মহাখালী জোনের সহকারী কমিশনার মো. রাসেল রানা।
তার ভাষ্য, ‘বাসটি মিড আইল্যান্ডে তুলে দিয়েছে। ওই দুজন বাদে আহত হয়েছেন আরও কয়েকজন। আমরা বাসটি সড়ক থেকে সরানোর চেষ্টা করছি।’