নাটোরের বড়াইগ্রাম উপজেলায় শৌচাগারে (টয়লেটে) লুকিয়ে রাখা ১০৮ লিটার ডিজেল জব্দ করেছে স্থানীয় প্রশাসন।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেল চারটার দিকে উপজেলার ধানাইদাহ এলাকায় ধানাইদাহ সমবায় ফিলিং স্টেশনের পেছনে একটি বাড়ির শৌচাগার থেকে ডিজেল জব্দ করা হয়।
এ সময় সজিব হোসেন নামে এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, সজিব হোসেন মনমোহন টোব্যাকোর ম্যানেজার। তার ভাড়া বাসায় অভিযান চালানো হয়। অভিযানে বাসার টয়লেটে জারকিনে অবৈধভাবে মজুত রাখা ১০৮ লিটার জ্বালানি তেল পাওয়া যায়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী বড়াইগ্রাম উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের জাহাঙ্গীর জানান, জব্দ করা ডিজেল স্থানীয় কৃষকদের মধ্যে ন্যায্য দামে বিক্রি করা হয়েছে। বিক্রির টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে। জ্বালানি তেল অবৈধভাবে মজুত ও বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।