সিলেটের বিয়ানীবাজার উপজেলায় একই দিনে তিন এসএসসি পরীক্ষার্থীর নিখোঁজের ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার (২১ এপ্রিল) পরীক্ষা শুরুর দিন এই ঘটনা ঘটে। নিখোঁজ দুই ছাত্রী এসএসসি এবং এক ছাত্রী দাখিল পরীক্ষার্থী।
এই ঘটনায় বুধবার (২২ এপ্রিল) বিয়ানীবাজার থানায় পৃথক তিনটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
নিখোঁজ ছাত্রীদের পরিবার ও থানা সূত্রে জানা গেছে, প্রথম দিন পরীক্ষা দিতে বের হয়ে এক শিক্ষার্থী কেন্দ্রে উপস্থিত হলেও পরীক্ষায় অংশ নেয়নি। বাকি দুই ছাত্রী পরীক্ষা শেষ করার পর আর বাড়ি ফেরেনি। এই ঘটনা পুরো উপজেলায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিখোঁজদের মধ্যে একজন উত্তর আকাখাজনা দাখিল মাদ্রাসার ছাত্রী, তার পরীক্ষাকেন্দ্র ছিল মাথিউরা সিনিয়র মাদ্রাসা। অন্য দুই এসএসসি পরীক্ষার্থীর একজনের বাড়ি উপজেলার চরিয়া গ্রামে, তার কেন্দ্র ছিল দুবাগ স্কুল অ্যান্ড কলেজ। অন্যজনের বাড়ি বিয়ানীবাজার পৌর শহরের নয়াগ্রামে, সে পিএইচজি সরকারি উচ্চবিদ্যালয় কেন্দ্রে পরীক্ষায় অংশ নিয়েছিল।
পুলিশ ও স্থানীয়দের ধারণা, পরীক্ষাসংক্রান্ত মানসিক চাপ বা ব্যক্তিগত কোনো কারণে তারা স্বেচ্ছায় কোথাও চলে গিয়ে থাকতে পারে।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক এশিয়া পোস্টকে বলেন, পরীক্ষার্থীদের নিখোঁজ হওয়ার বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করার চেষ্টা চলছে।
পরীক্ষা চলাকালীন এমন ঘটনায় নিখোঁজ ছাত্রীদের পরিবারে চরম উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। তবে এই বিষয়ে পরিবারের কেউ বক্তব্য দেননি।