পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোটের দিনে নন্দীগ্রাম থেকে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র রাজনৈতিক ও সাম্প্রদায়িক আক্রমণ বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর। ভোট দিয়ে বেরিয়ে তিনি দাবি করেন, রাজ্যের সাধারণ মানুষ, বিশেষ করে হিন্দু ও আদিবাসী নারীরা এবার তৃণমূলকে ক্ষমতাচ্যুত করতে দৃঢ়প্রতিজ্ঞ।
শুভেন্দু অধিকারীর দাবি, বুথে যাওয়ার পথে এক বিবাহিত হিন্দু নারী তার সামনে কান্নায় ভেঙে পড়েন। ওই মহিলার উদ্ধৃতি দিয়ে তিনি বললেন, ‘তিনি আমাকে বললেন হিন্দুদের রক্ষা করুন। তার আশঙ্কা, মমতা বন্দ্যোপাধ্যায় ফের ক্ষমতায় এলে মুর্শিদাবাদের মতো পরিস্থিতি তৈরি হবে এবং বিপদের মুখে পড়বেন হিন্দুরা।’
এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই শুরু হয়েছে তীব্র বিতর্ক। পাশাপাশি এক প্রবীণ ভোটারের প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, বাংলার মানুষ এবার তৃণমূল নেত্রীকে জবাব দিতে প্রস্তুত।
ভোটের আগের রাতের পরিস্থিতি প্রসঙ্গে শুভেন্দু জানান, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বড় ধরনের অশান্তি সৃষ্টি করতে পারেনি তৃণমূল।
শুভেন্দুর মতে, এবারের নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন ‘সনাতনী’ ও আদিবাসী নারীরা। তিনি দাবি করেন, শাসক দলের দুর্নীতি ও তোষণনীতির বিরুদ্ধে ভোট দিতে এগিয়ে এসেছেন সাধারণ মানুষ।
একদিকে যখন ১৫২টি আসনে ভোটগ্রহণ চলছে, তখন তার ‘মুর্শিদাবাদ’ মন্তব্য রাজনীতিতে মেরুকরণকে আরো উসকে দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।