Image description

বাংলাদেশ পুলিশের শীর্ষ ও মধ্যপর্যায়ে বড় ধরনের রদবদল করেছে সরকার। একই সঙ্গে ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এসব সিদ্ধান্ত জানানো হয়। জারি হওয়া প্রজ্ঞাপনে নতুন পদায়ন অনুযায়ী, পুলিশ টেলিকমের ডিআইজি (সুপারনিউমারারি অতিরিক্ত আইজিপি) মো. রেজাউল করিমকে নৌ পুলিশের প্রধান করা হয়েছে। হাইওয়ে পুলিশের ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদকে রংপুর মহানগর পুলিশের (আরপিএমপি) কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। রংপুর মহানগর পুলিশের বর্তমান কমিশনার মো. মজিদ আলীকে সিআইডিতে এবং পুলিশ সদর দপ্তরের ডিআইজি খোন্দকার নজমুল হাসানকে টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারের (পিটিসি) কমান্ড্যান্ট হিসেবে বদলি করা হয়েছে। টাঙ্গাইল পিটিসির কমান্ড্যান্ট মো. আশফাকুল আলমকে পুলিশ সদর দপ্তরে এবং ডিআইজি মোহাম্মদ আবদুল্লাহীল বাকীকে হাইওয়ে পুলিশে দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া কাজী জিয়া উদ্দিনকে পুলিশ স্টাফ কলেজে এবং আবু রায়হান মুহাম্মদ সালেহকে পুলিশ সদর দপ্তরে পদায়ন করা হয়েছে। অতিরিক্ত ডিআইজি পর্যায়ে ফয়সল মাহমুদকে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে এবং এ এফ এম আনজুমান কামালকে সিলেট রেঞ্জে সংযুক্ত করা হয়েছে। পুলিশ সুপার পর্যায়ের ১০ কর্মকর্তাকেও বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে। এর মধ্যে মাহফুজা আক্তারকে পুলিশ টেলিকমে, মাহফুজুর রহমান আল মামুনকে পিবিআইতে এবং মোহাম্মদ মোর্শেদ আলমকে রংপুরের এসপি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ রহমত উল্লাহ, এম কে এইচ জাহাঙ্গীর হোসেন, আকতার হোসেন ও শাহরিয়ার আল মামুন।

বাধ্যতামূলক অবসরে ১৩ কর্মকর্তা : অন্য এক প্রজ্ঞাপনে পুলিশ স্টাফ কলেজ ঢাকার ডিআইজি ড. এ এফ এম মাসুম রব্বানী, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. সাখাওয়াত হোসেন, রংপুর পিটিসির কমান্ড্যান্ট মো. আশরাফুজ্জামান, এন্টি টেরোরিজম ইউনিটের ডিআইজি এ জেড এম নাফিউল ইসলাম, নৌ পুলিশের ডিআইজি মোহাম্মদ আবুল ফয়েজ, এন্টি টেরোরিজম ইউনিটের ডিআইজি মো. মনিরুল ইসলাম, পুলিশ অধিদপ্তরের ডিআইজি মাহফুজুর রহমান, এপিবিএন হেডকোয়ার্টারের ডিআইজি মো. মুনিবুর রহমান, রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত অতিরিক্ত ডিআইজি মো. ইকবাল হোসেন, পুলিশ অধিদপ্তরের ডিআইজি শামীমা বেগম, শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি মো. আবু কালাম সিদ্দিক, পুলিশ টেলিকমের ডিআইজি মো. আমিনুল ইসলাম ও এপিবিএনের ডিআইজি সালমা বেগম। বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তারা বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধা পাবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বিধি অনুযায়ী অবসরপ্রাপ্ত এসব কর্মকর্তা অবসরজনিত সব সুবিধা পাবেন।