Image description

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অত্যাধুনিক রাডার সিস্টেম ও এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টারের (এটিএমসি) উদ্বোধনের মাধ্যমে আকাশসীমা নজরদারিতে এক নতুন যুগে প্রবেশ করেছে বাংলাদেশ। ফরাসি কোম্পানি থ্যালসের (Thales) নির্মিত এই আধুনিক ব্যবস্থার ফলে এখন থেকে দেশের সমগ্র আকাশসীমা রিয়েল-টাইম নজরদারির আওতায় আসবে, যা উড্ডয়ন নিরাপত্তা ও পরিচালনা দক্ষতা কয়েক গুণ বাড়িয়ে দেবে।

মঙ্গলবার (২১ এপ্রিল) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম এবং প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত সিএএবি চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিকসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে এটিএমসি উদ্বোধন করেন। ৯৪২ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত এই প্রকল্পের কাজ শুরু হয়েছিল ২০১৯ সালে এবং সম্পন্ন হয়েছে গত বছরের ডিসেম্বরে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএবি) জানায়, আগের রাডার ও এয়ার ট্রাফিক কন্ট্রোল সিস্টেমটি ছিল প্রায় ৩৫-৪০ বছরের পুরনো; যার মাধ্যমে পুরো আকাশসীমা, বিশেষ করে বঙ্গোপসাগরের ওপর নিয়ন্ত্রণ রাখা সম্ভব হতো না। নতুন সিস্টেমের মাধ্যমে ঢাকা থেকে ৬৫০ কিলোমিটার এবং বঙ্গোপসাগরে ৮৩৩ কিলোমিটার পর্যন্ত ফ্লাইটগুলোর সঙ্গে যোগাযোগ রক্ষা করা সম্ভব হবে। এর ফলে গভীর সমুদ্রসীমার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পাশাপাশি আন্তর্জাতিক ফ্লাইটের 'ফ্লাইং ওভার চার্জ' থেকে উল্লেখযোগ্য রাজস্ব আয়ের সুযোগ তৈরি হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী আফরোজা খানম বলেন, ‘এই অটোমেটেড সিস্টেম দেশের আকাশসীমার সক্ষমতাকে বৈশ্বিক মানে উন্নীত করেছে।” তিনি শাহজালাল বিমানবন্দরকে একটি গ্লোবাল এভিয়েশন হাবে পরিণত করার সরকারের লক্ষ্য পুনর্ব্যক্ত করেন।’

অনুষ্ঠানে উপস্থিত ফরাসি রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরি শ্যাহলে এই প্রকল্পকে দুই দেশের বন্ধুত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে অভিহিত করেছেন।