বিদ্যুৎ-জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সপ্তাহের প্রতি বুধ ও বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আপিল ও হাই কোর্ট বিভাগে ভার্চুয়াল উপস্থিতিতে আদালত পরিচালিত হবে। আর সপ্তাহের অন্যান্য কার্যদিবসে আদালত পরিচালিত হবে শারীরিক উপস্থিতিতে। গতকাল সুপ্রিম কোর্ট প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রধান বিচারপতির আদেশ অনুসারে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী বিজ্ঞপ্তিটি জারি করেন।
সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা এই বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান বৈশি^ক জ্বালানি পরিস্থিতি বিবেচনায় সপ্তাহের প্রতি বুধ ও বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের উভয় বিভাগে তথ্যপ্রযুক্তির মাধ্যমে ভার্চুয়াল উপস্থিতিতে আদালত পরিচালিত হবে। সপ্তাহের অন্যান্য কার্যদিবসে (রবি থেকে মঙ্গলবার) শারীরিক উপস্থিতিতে আদালত পরিচালিত হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, এই নির্দেশনা ২২ এপ্রিল (আজ বুধবার) থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।
শারীরিক উপস্থিতিতে আদালত চান আইনজীবীরা : সপ্তাহের প্রতি কার্যদিবসেই শারীরিক উপস্থিতিতে আদালতের কার্যক্রম চালু রাখার দাবি জানিয়েছেন আইনজীবীরা। গতকাল দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে অনুষ্ঠিত এক মানববন্ধনে এমন দাবি জানানো হয়। ‘সুপ্রিম কোর্ট বারের সদস্যবৃন্দ’ লেখা ব্যানার নিয়ে এ মানববন্ধন আয়োজন করা হয়। মানববন্ধনে আইনজীবী তৈমুর আলম খন্দকার, মোকছেদুল ইসলাম, মোহাম্মদ মাহবুবুর রহমান খান, চঞ্চল কুমার বিশ্বাস ও ইয়ারুল ইসলাম উপস্থিত ছিলেন।