Image description

চট্টগ্রামের সিটি কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে হওয়া সংঘর্ষের ঘটনায় তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো রাজনৈতিক দলের ওপর একতরফাভাবে দায় না চাপাতে অনুরোধ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (২১ এপড়ীল) জাতীয় সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনার শেষ দিকে এই প্রসঙ্গ তোলেন চট্টগ্রাম-১৫ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।

অধিবেশনে বিরোধীদলীয় এই এমপি বলেন, চট্টগ্রামের নিউমার্কেট-সংলগ্ন একটি কলেজে মঙ্গলবার হামলার ঘটনা ঘটেছে। তার দাবি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় যারা নিউমার্কেটে হামলায় জড়িত ছিল, তাদের মধ্য থেকেই কেউ কেউ আবার সাধারণ শিক্ষার্থীদের একটি সমাবেশে হামলা করেছে।

ওই ঘটনায় একজনের পা কেটে দেওয়া হয়েছে বলেও তিনি জেনেছেন। বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি সংসদে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

 

এ সময় ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, আপনি যথাযথ নিয়মে নোটিশ দেন, স্বরাষ্ট্রমন্ত্রী উত্তর দেবেন।

পরে ফ্লোর নিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘রাজনৈতিক দল হিসেবে আমাদের ওপর ব্লেম করা হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে চলমান বিষয় হিসেবে আমার কাছে সংবাদ আসে বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকে। চট্টগ্রামে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে এমন ঘটনা হয়েছে, একটা একটি নিউজ বের হয়েছে। প্রকৃত ঘটনা জানতে আমার একটু সময় লাগবে। পরে ৩০০ বিধিতে বিবৃতিও দিতে পারব।
তবে একতরফা ব্লেম আমি যেমন দিতে চাই না, মাননীয় সদস্যেরও উচিত কোনো তদন্ত ছাড়া একটা রাজনৈতিক দলের ওপর আক্রমণ হয়েছে ইত্যাদি বলা। উনি নোটিশ দিলেও আমাকে সময় দিতে হবে, আমি ৩০০ বিধিতে বিবৃতি দেব।’

 

‘গুপ্ত’ লেখা নিয়ে চট্টগ্রামে সিটি কলেজে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি অনুরোধ করব কোনো তদন্ত ছাড়া অতীতের সংস্কৃতিমতো একপক্ষ আরেক পক্ষকে দোষারোপ না করি। যদি এ রকম ঘটনা হয়, অবশ্যই থানায় মামলা দায়ের করতে হবে। সুষ্ঠুভাবে তদন্ত প্রক্রিয়া চলবে।

তদন্তের আগেই আমরা পরস্পরকে দোষারোপ করার সংস্কৃতি থেকে বের হতে চাই।’

 

উল্লেখ্য, আজ মঙ্গলবার চট্টগ্রামের সিটি কলেজে ছাত্রশিবির ও ছাত্রদলের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় নিজেদের বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন বলে উভয় পক্ষ দাবি করেছে।