বাংলাদেশ পুলিশের পোশাকের নতুন রং নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছে। রং নির্ধারণ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে পুলিশ সদর দপ্তর।
নতুন প্রস্তাব অনুযায়ী, সব মেট্রোপলিটন পুলিশের শার্টের রং হবে হালকা অলিভ (জলপাই)। তবে এপিবিএন, এসপিবিএন, এসবি, সিআইডি ও র্যাব ছাড়া পুলিশের অন্যান্য ইউনিটের শার্টের রং হবে গাঢ় নীল। উভয় ক্ষেত্রেই প্যান্ডের রং ‘টিসি টুইল খাকি’ নির্ধারণ করা হয়েছে।
সম্প্রতি পুলিশ সদর দপ্তরের লজিস্টিকস শাখার অতিরিক্ত ডিআইজি মো. সারোয়ার জাহান স্বাক্ষরিত এক চিঠিতে এ প্রস্তাবের কথা জানানো হয়।
চিঠিতে বলা হয়, আগে জারি করা এসআরও অনুযায়ী পুলিশের শার্ট গাঢ় ধূসর এবং প্যান্ট গাঢ় নীল থেকে পরিবর্তন করে শার্ট ‘লোহার রং’ এবং প্যান্ট ‘কফি রং’ নির্ধারণ করা হয়েছিল। তবে মাঠপর্যায়ে এই পরিবর্তন নিয়ে পুলিশ সদস্যদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়। এ নিয়ে বাহিনীর ভেতরে ও বাইরে ব্যাপক আলোচনা শুরু হয়। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিভিন্ন রঙের নমুনা পর্যালোচনা করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে পরামর্শক্রমে নতুন করে রং নির্বাচন করেন।
এই পরিবর্তন কার্যকর করতে ‘পুলিশ ড্রেস রুলস, ২০২৫’-এর একাধিক বিধি সংশোধনের প্রস্তাব করা হয়েছে। প্রজ্ঞাপন জারির জন্য একটি খসড়াও এর মধ্যে পাঠানো হয়েছে।
চিঠিতে পুলিশের পক্ষ থেকে উল্লেখ করা হয়, প্রাপ্যতার ভিত্তিতে ইউনিফর্ম সরবরাহ করা হয় বিধায় বাংলাদেশ পুলিশের ইউনিফর্মের রং পরিবর্তনের জন্য সরকারের অতিরিক্ত কোনো আর্থিক সংশ্লেষ নেই। এ অবস্থায় চিঠির সঙ্গে ‘পুলিশ ড্রেস রুলস, ২০২৫’ এ প্রয়োজনীয় সংশোধন অথবা সংযোজনপূর্বক প্রজ্ঞাপন জারি করার প্রয়োজনীয় ব্যব্স্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়।