আকাশছোঁয়া জেট ফুয়েলের মূল্যবৃদ্ধির চাপে পড়েছে যুক্তরাষ্ট্রের স্বল্পমূল্যের বিমান সংস্থাগুলো। বাড়তি পরিচালন ব্যয় সামাল দিতে তারা অস্থায়ী কর ছাড়ের দাবি জানিয়েছে।
জানা গেছে, প্রধান লো-কস্ট এয়ারলাইন্সগুলোর প্রধান নির্বাহীরা (সিইও) আগামীকাল মার্কিন পরিবহন সচিব শন ডাফির সঙ্গে বৈঠকে বসবেন। ইরানের সঙ্গে চলমান সংঘাতের প্রভাবে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় সৃষ্ট চাপ মোকাবেলায় তারা কর ছাড়ের বিষয়টি তুলে ধরবেন।
এরই মধ্যে স্পিরিট এয়ারলাইন্স, ফ্রন্টিয়ার এয়ারলাইন্স, অ্যালেজিয়েন্ট এয়ার, সান কান্ট্রি এয়ারলাইন্স এবং অ্যাভেলো এয়ারলাইন্স-এর প্রতিনিধিদের নিয়ে গঠিত একটি জোট গত সপ্তাহে কংগ্রেসের নেতাদের কাছে চিঠি দিয়েছে।
চিঠিতে আইনপ্রণেতাদের কাছে বিমান টিকিটের ওপর ৭.৫ শতাংশ ফেডারেল আবগারি শুল্ক এবং প্রতি সেগমেন্টে ৫.৩০ ডলার কর সাময়িকভাবে স্থগিত করার জন্য আইন পাসের আহ্বান জানানো হয়।
এয়ারলাইন্সগুলোর সংগঠন অ্যাসোসিয়েশন অফ ভ্যালু এয়ারলাইন্স জানিয়েছে, এসব কর মওকুফ করা হলে জেট ফুয়েলের বাড়তি ব্যয়ের প্রায় এক-তৃতীয়াংশ সমন্বয় করা সম্ভব হবে।
খাতসংশ্লিষ্টরা বলছেন, জ্বালানি খরচ বেড়ে যাওয়ায় স্বল্পমূল্যের এয়ারলাইন্সগুলো সবচেয়ে বেশি চাপের মুখে পড়েছে। কর ছাড় দেওয়া হলে যাত্রীদের জন্য টিকিটের দামও তুলনামূলক স্থিতিশীল রাখা সম্ভব হবে।