ব্যাপন কিশোর বিজ্ঞান সাময়িকীর আয়োজনে মাসব্যাপী লেখক প্রতিযোগিতার পুরস্কার প্রদান অনুষ্ঠান আজ রাজধানীর বাংলামোটর এ অবস্থিত বিশ্বসাহিত্য কেন্দ্রের মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০:০০টায় শুরু হওয়া এ অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।
দেশব্যাপী আয়োজিত এক ব্যতিক্রমধর্মী লেখালেখি প্রতিযোগিতায় দেড় হাজারেরও বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। প্রতিযোগিতাটি দুইটি বিভাগে—নন-ফিকশন ও সায়েন্স ফিকশন—অনুষ্ঠিত হয়। জমা পড়া অসংখ্য লেখার মধ্য থেকে বাছাই করে প্রতিটি বিভাগে ৫ জন করে মোট ১০ জনকে বিজয়ী ঘোষণা করা হয়।
নন-ফিকশন বিভাগে প্রথম স্থান অর্জন করেন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. আবু রায়হান। দ্বিতীয় হন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইমতিয়াজ উদ্দিন সাজিদ এবং তৃতীয় স্থান লাভ করেন রাজশাহী মেডিকেল কলেজের মো. আব্দুল্লাহ আবু সাঈদ। চতুর্থ স্থানে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মলিকিউলার ফার্মাকোলজি ল্যাবরেটরির গবেষক আহমদ ফয়সাল এবং পঞ্চম হয়েছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কানিজ ফাতেমা কনিকা।
অন্যদিকে, সায়েন্স ফিকশন বিভাগে প্রথম স্থান অধিকার করেন এএমআইই-এর শিক্ষার্থী মো. মুফরাদ আলী। দ্বিতীয় হয়েছেন নাঈম উদ্দিন শিহাব এবং তৃতীয় স্থান অর্জন করেন বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিহান এম. সরদার। চতুর্থ স্থানে আছেন ময়মনসিংহ মেডিকেল কলেজের শিক্ষার্থী নাফিরা তাবাসসুম এবং পঞ্চম হয়েছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাইশা ফারজানা।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোসাদ্দেক হোসাইন, সিইও, কিডজানা ক্রিয়েটিভ সেন্টার; মোঃ জুম্মান ভুইয়া, কন্টেন্ট ক্রিয়েটর, BigganPiC; প্রকৌশলী আলী আম্মার মুয়াজ, ডিরেক্টর, ফিউচারিক্স ইঞ্জিনিয়ারিং সল্যুশনস; মোঃ মোকারম হোসেন, সাইন্টিফিক অফিসার, বিসিএসআইআর; শিহান বিন ওমর, সম্পাদক, বাঙলানামা; এবং আব্দুল্যাহ আদিল মাহমুদ, গবেষক, লেখক ও সম্পাদনা সহযোগী, ব্যাপন।
বক্তারা বলেন, এ ধরনের উদ্যোগ তরুণ প্রজন্মের মধ্যে বিজ্ঞানভিত্তিক চিন্তাভাবনা, বিশ্লেষণধর্মী দৃষ্টিভঙ্গি এবং সৃজনশীল লেখালেখির প্রতি আগ্রহ বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম ধারাবাহিকভাবে আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।