দেশের জনগণের জীবনমান সহনীয় করতে সরকারের অর্জন সন্তোষজনক নয় মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)।
সোমবার (১৩ এপ্রিল) বরগুনার তালতলী উপজেলা মডেল মসজিদে আয়োজিত এক সভায় এ মন্তব্য করেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মাদ রেজাউল করীম বলেন, সরকার গঠনের দুই মাস অতিক্রান্ত হতে চলছে। এই সময়কালে নাগরিকের জীবনমান সহনীয় করতে সরকারের অর্জন সন্তোষজনক নয়।
জ্বালানি সংকটের কারণে সারা দেশে হাহাকার চলছে জানিয়ে চরমোনাই পীর বলেন, জ্বালানির অভাবে মৎসজীবীদের মাছ আহরণ ব্যাহত হচ্ছে। নিত্যপণ্যের দাম আগেই জনগণের নাগালের বাইরে ছিল, এখন তা আরও বেড়েছে। হামে প্রতিদিন শিশুদের মৃত্যুর সংবাদ আসছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির আশানুরূপ উন্নতি হয়নি। মানুষের জীবন আগের চেয়েও কোনো কোনো ক্ষেত্রে খারাপ হয়েছে।
মানুষের জীবনমান সহনীয় করতে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
মুহাম্মাদ রেজাউল করীম বলেন, সংস্কার নিয়ে বিএনপি জনরায়কে পাশ কাটানোর যে কৌশল নিয়েছে, তা জনগণ ভালোভাবে নেয়নি। গণভোট অধ্যাদেশ, গুম প্রতিরোধ অধ্যাদেশ, মানবাধিকার অধ্যাদেশ এবং বিচার বিভাগ সম্পর্কিত অধ্যাদেশগুলো বাতিল করায় সরকারের নীতি ও মনোভাব নিয়ে জনমনে সন্দেহ তৈরি হয়েছে।
বর্তমান সরকারের সময়ে আওয়ামী আমলের মতো দুঃশাসন ফিরে আসার আশঙ্কা করছেন ইসলামী আন্দোলনের আমির।
তিনি বলেন, আমরা বারবার অনুরোধ করেছিলাম, গুম, মানবাধিকার ও বিচারবিভাগ সম্পর্কিত অধ্যাদেশগুলো বাতিল না করতে। এরপরও বাতিল করা হয়েছে। এখন আমরা দেখতে চাই, সরকার এ বিষয়গুলোতে কি আইন করে।
সরকার পতিত স্বৈরাচারের মতো হয়ে ওঠার চেষ্টা করলে রাজপথে নামার হুঁশিয়ারি দেন চরমোনাই পীর।