Image description

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পোপ লিও চতুর্দশকে আক্রমণের নিশানা বানানোয় তার পাশে দাঁড়িয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ট্রাম্পের মন্তব্যের নিন্দা করে পোপের সম্মান বৃদ্ধির জন্য প্রার্থনা করেছেন তিনি।

সোমবার (১৩ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে পোপ লিওর উদ্দেশ্যে পেজেশকিয়ান লিখেছেন, ‘মহাত্মন পোপ চতুর্দশ লুই, ইরানের পক্ষ থেকে আমি আপনার এই অপমানের নিন্দা জানাই। সেই সঙ্গে ঘোষণা করছি, শান্তি ও ভ্রাতৃত্বের নবী যীশুর অবমাননা কোনো মুক্ত মানুষের কাছেই গ্রহণযোগ্য নয়।

আমি দোয়া করি, আল্লাহ আপনার সম্মান সমৃদ্ধি আরও বাড়িয়ে দিক।’

 

ইরানের সঙ্গে যুদ্ধের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প গত সপ্তাহে দেশটির সভ্যতাকে মুছে দেওয়ার হুমকি দিলে এর সমালোচনা করেন পোপ লিও।

 

ট্রাম্পের ওই মন্তব্যকে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ আখ্যা দিয়ে তিনি বলেন, ‘এখানে শুধু আন্তর্জাতিক আইনের প্রশ্ন নয়, এর চেয়েও বড় বিষয় হলো নৈতিকতার প্রশ্ন।’

এতে চটে যান ট্রাম্প।

তিনি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে পোপকে আক্রমণ করে বলেন, পোপ ‘পররাষ্ট্রনীতির জন্য ভীষণ খারাপ’। আমি এমন পোপ চাই না, যিনি মনে করেন ইরানের পারমাণবিক অস্ত্র থাকা ঠিক। পোপ লিও ‘অপরাধ দমনে দুর্বল’ এবং ‘পারমাণবিক ইস্যুতেও দুর্বল’।

 

আর পোপ লিও সোমবার ট্রাম্পের সমালোচনার জবাবে বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধের বিষয়ে ভ্যাটিকান যে শান্তি ও সমঝোতার আহ্বান জানাচ্ছে, তা বাইবেলের শিক্ষা থেকেই এসেছে।

তিনি বলেন, ‘আমি তার সঙ্গে বিতর্কে যেতে চাই না। আমি যুদ্ধের বিরুদ্ধে জোরালোভাবে কথা বলতে থাকব, শান্তি প্রতিষ্ঠা, সংলাপকে উৎসাহিত করা এবং রাষ্ট্রগুলোর মধ্যে বহুপাক্ষিক সম্পর্ক জোরদারের মাধ্যমে সমস্যার ন্যায্য সমাধান খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাব।’

‘আজ বিশ্বের অনেক মানুষ কষ্ট পাচ্ছে। অসংখ্য নিরীহ মানুষ নিহত হচ্ছে। আমার মনে হয়, কাউকে না কাউকে দাঁড়িয়ে বলতে হবে—এর চেয়ে ভালো পথ আছে’, বলেন পোপ।