Image description

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় অংশ নেওয়া নারী শিক্ষার্থীদের ফোন নাম্বার ও ফেসবুক আইডি না পেয়ে তাদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার বামনডাঙ্গা ডাক বাংলো মোড়ে শিশু নিকেতন অ্যান্ড মডেল হাই স্কুলের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন।

 

এ সময় বক্তারা বলেন, একটি শিক্ষামূলক মেলায় অংশ নিতে গিয়ে নারী শিক্ষার্থীদের ওপর এমন ন্যক্কারজনক হামলার ঘটনা অত্যন্ত লজ্জাজনক ও উদ্বেগজনক। তারা অভিযোগ করেন, ফোন নাম্বার ও সামাজিক যোগাযোগ মাধ্যমের আইডি দিতে অস্বীকৃতি জানানোয় শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়, যা নারীর নিরাপত্তা ও মর্যাদার জন্য বড় হুমকি।

তারা আরো বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব। হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দিতে হবে।

একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠান ও জনসমাগমস্থলে নিরাপত্তা জোরদারের দাবি জানান তারা।

 

মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা জামায়াতের সেক্রেটারি ছামিউল ইসলাম, বামনডাঙ্গা ইউনিয়ন জামায়াতের আমীর শফিকুল ইসলাম, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এম এ গফফার মোল্লা, অধ্যক্ষ আবুল কাশেম, শিক্ষক ইনজামাম আজম, পরিচালক নুর এ আলম, আমানুল্লাহ আমান এবং আহত শিক্ষার্থী আলফি আক্তারসহ প্রমুখ।

প্রসঙ্গত, গত ১২ এপ্রিল উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় বামনডাঙ্গা শিশু নিকেতন অ্যান্ড মডেল হাইস্কুল অংশ নেয়। একই মেলায় সুন্দরগঞ্জ আবদুল মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরাও অংশগ্রহণ করে।

মেলা চলাকালে কিছু শিক্ষার্থী নারী শিক্ষার্থীদের কাছে ফোন নাম্বার ও ফেসবুক আইডি চাইলে তারা অস্বীকৃতি জানান। পরবর্তীতে সমাপনী অনুষ্ঠান শেষে ফেরার পথে ওই নারী শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ ওঠে, এতে কয়েকজন আহত হন।