দেশের শীর্ষ ঋণখেলাপি প্রতিষ্ঠান এস আলম গ্রুপকে চারটি ব্যাংক ফেরত দেওয়ার প্রক্রিয়া চলছে, এমন দাবি করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া।
রোববার (১২ এপ্রিল) ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এক পোস্টে তিনি এ নিয়ে প্রশ্ন রাখেন।
পোস্টে আসিফ মাহমুদ লেখেন, ‘ব্যাংক ডাকাত এস আলমকে সরকারের ৩৫ হাজার কোটি টাকাসহ চারটি ব্যাংক ফেরত দেওয়া হচ্ছে। কে দিচ্ছে আমি জানি না, আপনারা জানেন?’
তার এই পোস্টে ইঙ্গিত করা হয় যে দেশের শীর্ষ ঋণখেলাপি প্রতিষ্ঠানগুলোর বড় অংশই এস আলম গ্রুপের সঙ্গে সংশ্লিষ্ট।
এর আগে গত ৬ এপ্রিল সংসদ অধিবেশনে অর্থমন্ত্রী আমির খসরু শীর্ষ ২০ ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা উপস্থাপন করেন।
সেই তালিকায় দেখা গেছে, এর মধ্যে বেশির ভাগ কোম্পানি আলোচিত ও সমালোচিত এস আলম গ্রুপের অন্তর্ভুক্ত। এসব প্রতিষ্ঠানের মোট ঋণের পরিমাণ ৩৫ হাজার কোটি টাকারও বেশি। তাদের ঋণের বড় অংশ নেওয়া হয়েছে ইসলামী ব্যাংক ও রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক থেকে।