জনসমক্ষে ব্যক্তিগত সম্পদের হিসাব প্রকাশ করেছেন সদ্য দায়িত্ব নেওয়া নেপালের নতুন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। রোববার (১২ এপ্রিল) প্রধানমন্ত্রী ও মন্ত্রীপরিষদ কার্যালয়ে জমা দেওয়া এক বিবরণী থেকে জানা গেছে, তার ব্যাংক অ্যাকাউন্টে বর্তমানে ১৪ দশমিক ৬ মিলিয়ন নেপালি রুপি (১ কোটি ৯২ লাখ টাকা) নগদ জমা রয়েছে। তার আয়ের প্রধান উৎস সামাজিক যোগাযোগ মাধ্যম। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্য নেপাল নিউজ।
প্রকাশিত সম্পদের বিবরণীতে বালেন্দ্র শাহ জানিয়েছেন, ফেসবুকে তার চার মিলিয়নের বেশি, ইউটিউবে এক দশমিক দুই মিলিয়ন এবং মাইক্রোব্লগিং সাইট এক্স-এ প্রায় পাঁচ লাখ অনুসারী রয়েছে। এই প্ল্যাটফর্মগুলো থেকে প্রাপ্ত অর্থই তার আয়ের একটি বিশাল অংশ এবং বর্তমান সম্পদের মূল ভিত্তি।
প্রকাশিত তথ্যে নিজের আয়ের পাশাপাশি পারিবারিক সম্পত্তির হিসাবও তুলে ধরেছেন প্রধানমন্ত্রী। বিবরণী অনুযায়ী, কাঠমান্ডুতে ৫ আনা এবং ধানুশায় এক দশদিক দুই বিঘা জমি রয়েছে তার মায়ের নামে। এছাড়া মহোত্তারিতে তার প্রয়াত পিতা রামনারায়ণ শাহের নামে নয় বিঘা জমি নিবন্ধিত রয়েছে।
প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ আরও জানান, তার স্ত্রী সাবিনা কাফলের কাছে ১৯০ তোলা সোনা ও রুপা রয়েছে, যা মূলত উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত পৈতৃক সম্পত্তি।
নেপালের দুর্নীতি প্রতিরোধ আইন, ২০০২-এর ধারা ৫০ অনুযায়ী, রাষ্ট্রীয় উচ্চপদে আসীন ব্যক্তিদের জন্য সম্পদের হিসাব দেওয়া বাধ্যতামূলক। সেই আইনি প্রক্রিয়া অনুসরণ করেই বালেন শাহ এই ঘোষণা দিয়েছেন। সরকারি কর্মকর্তাদের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।