Image description

জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ আবু সাঈদের স্মৃতিকে ধারণ করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে চার দিনব্যাপী ‘শহীদ আবু সাঈদ বইমেলা’ শুরু হয়েছে। 

রবিবার (১২ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে এই বইমেলার উদ্বোধন করেন শহীদ আবু সাঈদের বাবা মো. মকবুল হোসেন। 

শহীদ আবু সাঈদের বাবা মো. মকবুল হোসেন বলেন, বিশ্ববিদ্যালয় আবু সাঈদের নামে মেলা দিয়েছে। এই মেলা যেন আরো ভালো, আরো উন্নত হয়।

বই মেলা আরো বড় করবেন এই প্রত্যাশা করছি। 

 

 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী বলেন, শহীদ আবু সাঈদের অসামান্য অবদানকে স্মরণ করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে এই বইমেলার আয়োজন করা হয়েছে। বইমেলার মাধ্যমে নতুন প্রজন্ম ইতিহাস, সাহিত্য ও মুক্তচিন্তার সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবে। জ্ঞানচর্চা ও মানবিক মূল্যবোধ গঠনে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

 

তিনি বলেন, ২০২৪ সালের জুলাই আগস্টের গণ-অভ্যুত্থানে অকাতরে জীবন বিলিয়ে দেওয়া আবু সাঈদ শ্রেষ্ঠ বীর হিসেবে বিশ্ব দরবারে আলোচিত নাম।

অর্থনীতি বিভাগের প্রভাষক সাইফুদ্দিন খালেদের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ও প্রক্টর প্রফেসর ড. মো. ফেরদৌস রহমান, বইমেলা আয়োজক কমিটির আহ্বায়ক ড. মো. মনিরুজ্জামান এবং ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক ড. সোহাগ আলী। 

বই মেলায় আবু সাঈদ কর্নারসহ মোট ৩৫টি প্রকাশনা ও বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল অংশ নিয়েছে। এই বইমেলা আগামী ১৫ এপ্রিল পর্যন্ত চলবে।

বইমেলায় প্রতিদিন আলোচনা অনুষ্ঠান, লেখক আড্ডা, আবৃত্তি ও গ্রন্থ পর্যালোচনার পাশাপাশি শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। 

 

দেশে চলমান জ্বালানি সংকটের প্রেক্ষিতে সরকারের নির্দেশনা অনুযায়ী প্রতিদিন দুপুর দেড়টা থেকে বিকেল ৬টা পর্যন্ত মেলা চালু থাকবে। তবে পহেলা বৈশাখ উপলক্ষে ১৪ এপ্রিল সকাল ১০টা থেকে বিকেল ৬টা পর্যন্ত মেলা উন্মুক্ত থাকবে।