কয়েকটি জাতীয় গণমাধ্যম তার দেওয়া বক্তব্যকে উল্টে দিয়ে সংবাদ প্রকাশ করেছে বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ ছাড়া তিনি প্রশ্ন রেখে জানতে চান, ‘এরা হলুদ সাংবাদিকতা ছাড়বে কখন?’
বৃহস্পতিবার (৯ এপ্রিল) ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে এক স্ট্যাটাসে ক্ষোভ প্রকাশ করে এ অভিযোগ করেন।
পোস্টে জামায়াত আমির লেখেন, ‘আজ জাতীয় সংসদের অধিবেশন শেষে প্রেস ব্রিফিংয়ে আমি কথা বলতে গিয়ে বলেছিলাম, শেখ হাসিনা যে নীতি অনুসরণ করে ফ্যাসিবাদ কায়েম করেছিল, বিএনপিও একই নীতি অনুসরণ করে অগ্রসর হচ্ছে। তাহলে কি তারা প্রমাণ করতে চায় শেখ হাসিনা খারাপ, তার নীতি ভালো?’
‘আজকে কয়েকটি জাতীয় মিডিয়া আমার বক্তব্যের সেন্স পাল্টিয়ে দেওয়ার অসৎ উদ্দেশ্যে বিএনপিকে ছেড়ে দিয়ে আমাকেই উল্টো ধরেছে। এটিই নির্লজ্জ হলুদ সাংবাদিকতা। এরা হলুদ সাংবাদিকতা ছাড়বে কখন?’