জাতীয় সংসদের বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ উপলক্ষে কেন্দ্রগুলোতে ব্যালট পেপারসহ প্রয়োজনীয় সরঞ্জাম পাঠানো শুরু হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) সকাল ১১টায় শহরের সেন্ট্রাল স্কুল মাঠ থেকে এসব সরঞ্জাম বিতরণ করা হয়। বৃহস্পতিবার (৯ এপ্রিল) এই আসনে ১৫১টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ হবে।
শিল্পনগরী হিসেবে পরিচিত বগুড়া সদর উপজেলা নিয়ে গঠিত আসনটিতে ভোটার সংখ্যা ৪ লাখ ৫০ হাজার ৩০৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১৯ হাজার ৯২৩ এবং নারী ভোটার ২ লাখ ৩০ হাজার ৩৭৪ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১০ জন। পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেবেন ৩ হাজার ৭৩৬ জন।
বগুড়া সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জায়েদ ইবনে আবুল ফজল জানান, নির্বাচনী মাঠে দুইজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। এ ছাড়া ২ হাজার ৬৫৫ জন ভোটগ্রহণ কর্মকর্তা, ১ হাজার ৩৮২ জন পুলিশ সদস্য, প্রায় ২ হাজার আনসার সদস্য, ৮ প্লাটুন বিজিবি, ১০ প্লাটুন র্যাব, সেনাবাহিনী এবং ডগ স্কোয়াডসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন থাকবেন।
নির্বাচনে বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা, জামায়াতের আবিদুর রহমান সোহেল এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির আল আমিন তালুকদার প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে জয়ী হন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি একাধিক আসনে নির্বাচিত হওয়ায় বগুড়া-৬ আসনটি ছেড়ে দিলে সেটি শূন্য ঘোষণা করা হয়। পরে এই উপনির্বাচনের প্রস্তুতি নেয় নির্বাচন কমিশন।