বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের বিশেষ নিরাপত্তা সুবিধা বাতিল করে 'জাতির পিতার পরিবার-সদস্যগণের নিরাপত্তা (রহিতকরণ) অধ্যাদেশ, ২০২৪' জাতীয় সংষদে গৃহীত হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে এই অধ্যাদেশ গৃহীত হয়।
এর আগে ২০২৪ সালের ৯ সেপ্টেম্বর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের নিরাপত্তা বিধানের আইনটি বাতিল করা হয়েছে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের জারি করা এক অধ্যাদেশের মাধ্যমে আইনটি বাতিল করা হয়।
অধ্যাদেশে বলা হয়েছে, ‘যেহেতু জাতির পিতার পরিবার-সদস্যগণের নিরাপত্তা আইন, ২০০৯ (২০০৯ সনের ৬৩ নং আইন) রহিত করা সমীচীন ও প্রয়োজনীয়; এবং যেহেতু সংসদ ভাঙ্গিয়া যাওয়া অবস্থায় রহিয়াছে এবং রাষ্ট্রপতির নিকট ইহা সন্তোষজনকভাবে প্রতীয়মান হইয়াছে যে, আশু ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান রহিয়াছে; সেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৩ (১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি নিম্নরূপ অধ্যাদেশ প্রণয়ন ও জারি করিলেন।’
এতে আরও বলা হয়েছে, ‘এই অধ্যাদেশ জাতির পিতার পরিবার-সদস্যগণের নিরাপত্তা (রহিতকরণ) অধ্যাদেশ, ২০২৪ নামে অভিহিত হইবে। ইহা অবিলম্বে কার্যকর হইবে। ২০০৯ সনের ৬৩ নং আইন এর রহিতকরণ। জাতির পিতার পরিবার-সদস্যগণের নিরাপত্তা আইন, ২০০৯ (২০০৯ সনের ৬৩ নং আইন) এতদ্দ্বারা রহিত করা হইল।
গত ২৯ আগস্ট অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ সভায় এই আইনটি বাতিলের খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।
‘জাতির পিতার পরিবারের সদস্যদের নিরাপত্তা’ আইনটি জারি করা হয় ২০০৯ সালে । আইনটির অধীনে বঙ্গবন্ধুর পরিবারের সদস্যরা এত দিন বিশেষ নিরাপত্তা পেতেন। আইনটি বাতিল হওয়ায় এখন আর সেই সুযোগ থাকবে না।