নরসিংদীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বিপুল পরিমাণ শিক্ষা উপকরণ ও মালামাল চুরি করে নিয়েছে একটি চোর চক্র। মঙ্গলবার (৭ এপ্রিল) গভীর রাতে সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের ভগীরথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
চোর চক্রটি বিদ্যালয়ের বারান্দার গ্রিল কেটে শিশুদের অনলাইন শিক্ষাদানের জন্য মাল্টিমিডিয়া প্রজেক্টর, স্পিকার, ল্যাপটপ, এলইডি মনিটর, চারটি সিলিং ফ্যান, টেবিল ফ্যান, সিসি ক্যামেরা নিয়ে গেছে। পাশাপাশি বিদ্যালয়টির জরুরি কাগজপত্র তছনছ করেছে। এমনকি ছুটির কাজে ব্যবহৃত পিতলের ঘণ্টাটিও চুরি করে নিয়ে গেছে। এতে বিদ্যালয়টির পাঁচ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে অনুমান করছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিকুন্নাহার বলেন, ভগীরথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টিতে ১৮২ জন শিক্ষার্থী রয়েছে। সরকারি এই প্রতিষ্ঠানে পাঠদানের জন্য ল্যাপটপ, প্রজেক্টরসহ বিভিন্ন ইলেক্টনিকসামগ্রী ব্যবহৃত হতো। পাশাপাশি সিলিংফ্যান, টেবিলফ্যান ছিল ক্লাসরুমসহ প্রধান শিক্ষকের কক্ষে। বুধবার নির্ধারিত সময়ে বিদ্যালয়ে এসে দেখতে পান, মঙ্গলবার রাতে চুরির ঘটনা ঘটেছে। বিদ্যালয়টির অবস্থান মহাসড়কের পাশে হওয়ায় সিসি ক্যামেরাও স্থাপন করা ছিল, চোর চক্রটি চুরি সময় বিদ্যালয়ে স্থাপন করা সিসি ক্যামেরাও খুলে নিয়ে গেছে।
প্রধান শিক্ষক বলেন, এতে করে বিদ্যালয়ের প্রায় পাঁচ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা। বিষয়টি মাধবদী থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।