আইপিএলের শুরুটা ভালো যাচ্ছে না চেন্নাই সুপার কিংসের জন্য। তার ওপর বাড়তি দুশ্চিন্তা হয়ে দাঁড়িয়েছে দলের কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনির চোট।
এখনো ম্যাচ খেলার মতো ফিট হয়ে উঠতে পারেননি তিনি। ফলে ১১ এপ্রিল দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচেও ধোনিকে পাওয়া নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে।
জানা গেছে, চোট নিয়ে পুনর্বাসনে আছেন ধোনি। দ্রুত ফেরার কোনো নিশ্চয়তা নেই, বরং আরও কিছুদিন সময় লাগতে পারে। দলও তাকে নিয়ে তাড়াহুড়ো করতে চাইছে না।
চেন্নাই ইতিমধ্যে টানা তিন ম্যাচ হেরে বসে আছে। এমন সময় ধোনির মতো অভিজ্ঞ একজনের অভাবটা আরও বেশি করে চোখে পড়ছে। মাঠে না থাকলেও তার উপস্থিতি দলকে আলাদা একটা ভরসা দিত, সেটাই এখন নেই।
এবারের মৌসুমে এখনও তাকে খেলতে দেখা যায়নি। এমনকি দলের সঙ্গে সফরেও যাচ্ছেন না ধোনি। চেন্নাইতেই থেকে যাচ্ছেন, সেখানেই দলের সাপোর্ট স্টাফদের তত্ত্বাবধানে চলছে তার রিহ্যাব।
তবে পুরোপুরি দূরে নেই তিনি। কয়েকদিন আগে নেটে ব্যাটিংও করেছেন। কিন্তু ম্যাচে নামার মতো অবস্থায় এখনও পৌঁছাননি।
দলের ভেতরেও বিষয়টা নিয়ে পরিষ্কার কোনো সময়সীমা নেই। কবে ফিরবেন, সেটার নির্দিষ্ট উত্তর কেউ দিতে পারছে না।
সব মিলিয়ে পরিস্থিতি এমন, ধোনির ফেরাটা এখন সময়ের ওপরই নির্ভর করছে। আর চেন্নাই অপেক্ষা করছে, কবে আবার সেই পরিচিত ‘থালা’ মাঠে নামবে।