বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের ভারত সফর একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক অগ্রগতির অংশ। এসময়ে একটি রাজনৈতিকভাবে সংবেদনশীল বিষয় হতে পারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ প্রসঙ্গ। ঢাকার নতুন সরকার এই বিষয়ে ভারতের সহযোগিতা চাইতে পারে আনুষ্ঠানিকভাবে। নয়াদিল্লির জন্য তা একটি জটিল কূটনৈতিক চ্যালেঞ্জ তৈরি করতে পারে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফর নিয়ে এভাবেই রিপোর্ট করেছে অনলাইন এনডিটিভি। এতে আরও বলা হয়, ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃৃত্বাধীন সরকারের ব্যাপক নির্বাচনী বিজয়ের পর এটিই দুই দেশের মধ্যে প্রথম উচ্চপর্যায়ের যোগাযোগ। এই সফরকে উভয় দেশই ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে। কারণ এটি দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুনভাবে সাজানোর সুযোগ এবং ভবিষ্যৎ সহযোগিতার একটি বাস্তবসম্মত কাঠামো তৈরির পথ খুলে দিতে পারে। ৩ দিনের এই সফর এমন একসময়ে হচ্ছে, যখন ভারত ও বাংলাদেশের সম্পর্ক নতুন করে গড়ে তোলার পর্যায়ে রয়েছে। ঢাকায় নতুন রাজনৈতিক নেতৃত্বের কারণে দু’পক্ষই আস্থা পুনর্গঠন, দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তি এবং একটি স্থিতিশীল ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণে মনোযোগ দিতে পারে বলে আশা করা হচ্ছে।
বাংলাদেশের দৃষ্টিকোণ থেকে আলোচনায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যু প্রাধান্য পাবে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পানিবণ্টন। বিশেষ করে আন্তঃসীমান্ত নদীগুলোর মধ্যে তিস্তা নদী। ঢাকা বরাবরই ন্যায্য পানিবণ্টনের দাবি জানিয়ে আসছে এবং নতুন সরকার ঝুলে থাকা চুক্তিগুলোতে বাস্তব অগ্রগতি চাইবে বলে ধারণা করা হচ্ছে। আরেকটি সংবেদনশীল বিষয় হলো সীমান্তে মৃত্যুর ঘটনা। বাংলাদেশ বহুবার ভারত-বাংলাদেশ সীমান্তে বেসামরিক নাগরিকদের মৃত্যু নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। এ ধরনের ঘটনা কমানো এবং মানবিক সীমান্ত ব্যবস্থাপনা নিশ্চিত করাকে ঢাকা আলোচনায় অগ্রাধিকার দেবে। জ্বালানি সহযোগিতাও আলোচনার একটি গুরুত্বপূর্ণ বিষয়। বাংলাদেশ ভারতের কাছ থেকে স্থিতিশীল জ্বালানি সরবরাহের নিশ্চয়তা চাইবে, যার মধ্যে বিদ্যুৎ রপ্তানি এবং জ্বালানি ও অবকাঠামো প্রকল্পে সম্ভাব্য সহযোগিতা অন্তর্ভুক্ত। বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদার কারণে এটি দ্বিপক্ষীয় সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ।
ভিসা সেবা, যা সাম্প্রতিক সময়ে ব্যাহত হয়েছে, সেটিও আলোচনার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়। ঢাকা ছাত্র, রোগী এবং ব্যবসায়ীদের যাতায়াত সহজ করতে ভিসা সুবিধা পুনরায় চালু ও সম্প্রসারণের জন্য চাপ দেবে, যাতে দুই দেশের জনগণের মধ্যে সংযোগ পুনরায় জোরদার হয়। এ ছাড়া বাংলাদেশ জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদে নিজেদের প্রার্থিতার জন্য ভারতের সমর্থন চাইতে পারে, যা তাদের বৈশ্বিক কূটনৈতিক অবস্থান শক্তিশালী করার আকাঙক্ষাকে তুলে ধরে।
ভারতের দৃষ্টিকোণ থেকে এই সফরকে দ্বিপক্ষীয় সম্পর্ক ‘রিসেট’ করার একটি সুযোগ হিসেবে দেখা হচ্ছে। নয়াদিল্লির তাৎক্ষণিক অগ্রাধিকার হবে ঢাকার নতুন নেতৃত্বের সঙ্গে আস্থা তৈরির উদ্যোগ, যা সম্পর্ককে স্থিতিশীল করতে সাহায্য করবে। এর মধ্যে রয়েছে ভারতের একটি গঠনমূলক ও সহযোগিতামূলক অংশীদারিত্বের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা। ভারতও আলোচনায় তার কৌশলগত ও নিরাপত্তাজনিত সংবেদনশীলতার বিষয়গুলো বিবেচনায় রেখে একটি স্বাভাবিক কার্যকর সম্পর্ক বজায় রাখার গুরুত্ব তুলে ধরবে। সীমান্ত নিরাপত্তা, সন্ত্রাসবিরোধী সহযোগিতা এবং আঞ্চলিক স্থিতিশীলতার বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পাবে।
কূটনৈতিক সূত্রগুলো জানাচ্ছে, ভারত একটি ধীর ও বাস্তবসম্মত পদ্ধতি গ্রহণ করবে, যাতে বাংলাদেশি নতুন নেতৃত্বের সঙ্গে সম্পর্ক বজায় রেখে সংবেদনশীল ইস্যুগুলোতে উত্তেজনা না বাড়ে। আলোচনার মূলভিত্তি হবে সংলাপ, পারস্পরিক সম্মান এবং ধাপে ধাপে অগ্রগতি। এই সফরকে ঢাকায় নতুন রাজনৈতিক বাস্তবতায় ভারত-বাংলাদেশ সম্পর্ক পুনর্নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। যদিও বিভিন্ন ইস্যুতে মতপার্থক্য রয়ে গেছে। তবুও উভয়পক্ষ সংঘাত এড়িয়ে সহযোগিতার ক্ষেত্রগুলোতে মনোযোগ দিতে আগ্রহী বলে মনে হচ্ছে। পররাষ্ট্রমন্ত্রীর এই সফরের ফলাফল খুবই গুরুত্বপূর্ণ হবে। এটি নির্ধারণ করবে দুই প্রতিবেশী দেশ কীভাবে এই নতুন অধ্যায় পরিচালনা করবে। এই যোগাযোগ কী সত্যিকারের সম্পর্কের নতুন সূচনা হবে, নাকি কেবল একটি সতর্ক পুনর্বিন্যাস, তা নির্ভর করবে উভয়পক্ষের মূল সমস্যাগুলো মোকাবিলা করার ইচ্ছার ওপর এবং ভবিষ্যৎমুখী অংশীদারিত্ব গড়ে তোলার সক্ষমতার ওপর।