প্রতারকদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জনপ্রিয় ইসলামিক স্কলার মিজানুর রহমান আজহারি। তিনি বলেন, যারা এখনও এআই ব্যবহার করে আমার ছবি, ভিডিও ও কণ্ঠস্বর ক্লোন করে ভুয়া প্রোডাক্ট ও চিকিৎসাসংক্রান্ত সহস্রাধিক বিভ্রান্তিকর প্রচারণা চালাচ্ছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সময়ের ব্যাপার মাত্র।
মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে সাড়ে ৫টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ হুঁশিয়ারি দেন তিনি।
ফেসবুক পোস্টে মিজানুর রহমান আজহারি বলেন, ‘দুই মাস আগে প্রতারক চক্রকে সতর্ক করে আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো থেকে একটি সতর্কতামূলক পোস্ট দেওয়া হয়েছিল। প্রতারক চক্র সাময়িকভাবে কিছু কার্যক্রম বন্ধ করলেও দুঃখজনকভাবে নতুন করে আবারও তারা একই অপকর্ম শুরু করেছে। এআই ব্যবহার করে আমার ছবি, ভিডিও ও কণ্ঠস্বর ক্লোন করে ভুয়া প্রোডাক্ট ও চিকিৎসাসংক্রান্ত সহস্রাধিক বিভ্রান্তিকর প্রচারণা চালাচ্ছে।’
প্রতারকদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘এর মধ্যে আমরা জিডি করেছি, বিটিআরসি চেয়ারম্যান বরাবর আবেদন করেছি এবং সংশ্লিষ্ট পেইজ ও কনটেন্ট অপসারণের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছি। পুলিশের সাইবার ক্রাইম ইউনিটের মাধ্যমে প্রতারক চক্রের ডিজিটাল ফুটপ্রিন্ট শনাক্ত করার কাজও চলমান রয়েছে।’
জনসাধারণকে প্রতারণার হাত থেকে বাঁচাতে তিনি বদ্ধপরিকার বলে জানান। তিনি বলেন, ‘যারা এখনও এই গর্হিত কাজ চালিয়ে যাচ্ছেন, তাদের উদ্দেশে বলছি, দেশ বা দেশের বাইরে আপনারা যেখানেই থাকুন না কেন, আপনাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা এখন সময়ের ব্যাপার মাত্র।’
শুভাকাঙ্ক্ষীদের প্রতি অনুরোধ জানিয়ে আজহারি বলেন, ‘অনলাইনে কোনো বিজ্ঞাপন দেখে বিভ্রান্ত হওয়ার আগে আমাদের অফিশিয়াল সোর্স থেকে সত্যতা যাচাই করে নিন।’
হাসানাহ ফাউন্ডেশন কিংবা তার পক্ষ থেকে কোনো ধরনের ওষুধ বা বাণিজ্যিক পণ্য প্রমোশন করা হয় না, বলছেন আজহারি।