বন্দরনগরী চট্টগ্রামের বাণিজ্যিক এলাকা কদমতলীতে ফুটপাতের নিচে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত এক কিলোমিটার এলাকার ফুটপাতে ফাটল ধরেছে। স্থানীয়দের দাবি এটি নিচে থাকা কর্ণফুলী গ্যাস লাইনের বিস্ফোরণ।
মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেল ৩টা ২০ মিনিটের দিকে কদমতলী এলাকার হাসিনা হোটেলের অদূরে টায়ার মার্কেট থেকে শুরু করে মনোয়ার খাঁন বাড়ি পর্যন্ত বিশাল অংশজুড়ে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শী ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির কার্যকরী সদস্য হাজী মোহাম্মদ সালাউদ্দিন জানান, বিকেল সোয়া ৩টার দিকে হঠাৎ বিকট শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। হাসিনা হোটেলের সামনে মানুষজনকে দিগ্বিদিক ছুটতে দেখা যায়। পরে দেখা যায়, ফুটপাতের নিচে নালায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণটি ঘটেছে। বিস্ফোরণের তীব্রতায় ফুটপাতের ঢালাই ও টাইলস উপড়ে গেছে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমের অপারেটর বলেন, আমাদের কেউ এই বিষয়ে জানায়নি। তবে অনলাইনে বিস্ফোরণের খবর দেখে আমাদের একটা টিম গিয়েছিল। তারা ঘটনাস্থল থেকে ঘুরে চলে এসেছে। সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে বিস্ফোরণে ড্রেনে ফাটল ধরেছে কয়েক জায়গায়। এটি কর্ণফুলীর গ্যাস লাইন থেকে হয়েছে বলা হচ্ছে।
কর্ণফুলীর জনসংযোগ শাখার ব্যবস্থাপক মো. সাখাওয়াত হোসেন বলেন বিস্ফোরণে নালার দুটো স্ল্যাব ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের একটি টিম সেখানে কাজ করছে। বর্তমানে জননিরাপত্তার স্বার্থে ওই এলাকার গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। মেরামত কাজ শেষ হওয়ার পর পুনরায় সরবরাহ স্বাভাবিক করা হবে।