Image description

নরসিংদীতে ২২ বছর পর গঠিত বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটির সভাপতি আশিক সুজন মামুন বিবাহিত ও রাজনীতিতে সক্রিয় নন বলে অভিযোগ তুলেছেন ছাত্রদলের নেতাকর্মীদের একাংশ। এমন অভিযোগে সড়কে আগুন লাগিয়ে প্রতিবাদ করেছেন পদবঞ্চিত নেতাকর্মীরা।

 

মঙ্গলবার (৭ এপ্রিল) বেলাবো বাজার কলেজ রোডে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা। এ সময় বিভিন্ন স্লোগান দিয়ে নবগঠিত কমিটির প্রতিবাদ জানানো হয়। খবর পেয়ে পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

 

বিক্ষোভকারী ছাত্রদল কর্মীরা বলেন, ২২ বছর পর বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন করা হয়েছে। গতকাল সোমবার (৬ এপ্রিল) ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের স্বাক্ষরিত প্যাডে আশিক সুজন মামুনকে সভাপতি ও মোয়াজ্জেম হোসেনকে সাধারণ সম্পাদক করে ছয় সদস্যের কমিটি করা হয়। চিঠিতে বলা হয়, আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার কথা।

 

কমিটি ঘোষণার পর থেকেই নতুন সভাপতি আশিক সুজন মামুন বিবাহিত এবং রাজনীতিতে সক্রিয় নন বলে অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে লেখালেখি শুরু করেন পদবঞ্চিতরা। পরে মঙ্গলবার কলেজ রোডে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ করেন তারা।

 
 

 

এ বিষয়ে নবগঠিত কমিটির সভাপতি আশিক সুজন মামুন বলেন, আমি রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয়। আওয়ামী লীগ সরকারের আমলে আমি রাজপথে থেকে আন্দোলনে অংশগ্রহণ করেছি। কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলাম। দলের প্রতি আমার দায়িত্ববোধ ও কার্যক্রম দেখে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ আমাকে উপজেলা ছাত্রদলের সভাপতি ঘোষণা করেছে। এ কারণে আমার প্রতিপক্ষ যারা ছাত্রদলের সভাপতি হতে চেয়েছিল, তারা কিছু ভাড়াটিয়া লোকদের নিয়ে বেলাবো বাজারের কলেজ রোডে টায়ারে আগুন জ্বালিয়েছে বলে শুনেছি।

 

মামুন আরও বলেন, আরেকটি পক্ষ আমি বিবাহিত—এ রকম মিথ্যা অপবাদ দিয়ে এআই দিয়ে একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়। সত্যিকার অর্থে এগুলো ভুয়া এবং মিথ্যা অপপ্রচার। আমি বিয়ে করিনি। যারা এসব করছে, আমি তাদের বিচার চাই এবং নিন্দা জানাচ্ছি।