লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে গুলির ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার পর দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকে দুঃখপ্রকাশ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। একই বৈঠকে স্থানীয়দের হাতে আটক এক ভারতীয় কৃষককে ফেরত দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (৬ এপ্রিল) দুপুর ২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত প্রায় এক ঘণ্টা পাটগ্রাম উপজেলার ধবলসূতী সীমান্তে ৮২৭ নম্বর মেইন পিলারের ৫ নম্বর সাবপিলার এলাকায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।
এতে বিজিবির পক্ষে তিস্তা-৬১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনীম এবং বিএসএফের পক্ষে কোচবিহার-৯৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সুনীল কুমার রায় নেতৃত্ব দেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ধবলসূতী সীমান্তে মাঠের পাশে ঘাস কাটতে গেলে শাহাদত হোসেন মিজান নামে এক বাংলাদেশি যুবককে লক্ষ্য করে বিএসএফের একটি টহল দল গুলি ছোড়ে। এতে তিনি আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠায়।
ঘটনার পরপরই ক্ষুব্ধ স্থানীয়রা ভারতের কুচবিহার জেলার কুচলীবাড়ী থানার ফুলকাডাবরী এলাকার বাসিন্দা সহদেব বর্মণ নামে এক কৃষককে আটক করে নিয়ে আসে। এতে সীমান্ত এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি ও বিএসএফ উভয় পক্ষই একে অপরের কাছে প্রতিবাদ জানায়। পরে পতাকা বৈঠকে বিএসএফ গুলির ঘটনায় দুঃখপ্রকাশ করে এবং ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে তাদের সদস্যদের সতর্ক করার আশ্বাস দেয়।
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, আটক ভারতীয় নাগরিক সহদেব বর্মণকে আনুষ্ঠানিকভাবে বিএসএফের কাছে হস্তান্তর করে বিজিবি।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্তে শান্তি বজায় রাখতে উভয় বাহিনীই সমন্বয়ের মাধ্যমে কাজ চালিয়ে যাবে।
শীর্ষনিউজ