Image description

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও আইনজীবী শিশির মনির অভিযোগ করে বলেছেন, রাষ্ট্রপতিকে অশ্বডিম্ব পাড়ানো হয়েছে। ৭০ ভাগ মানুষ গণভোটের পক্ষে ‘হ্যাঁ’ ভোট দিয়েছে। যারা জুলাই সংস্কার থেকে দূরে সরে গেছে, তারা শহীদ জিয়াউর রহমানের রাজনীতি থেকে হাজার কিলোমিটার দূরে সরে গেছে। জুলাই সংস্কার প্রচার করে ক্ষমতায় এসে দলটি এখন ১৮০ ডিগ্রি এঙ্গেলে পল্টি মেরেছে।

আজ সোমবার (৬ এপ্রিল) বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে রাকসু আয়োজিত ‘গণভোটের রায় বাস্তবায়নে গড়িমসি: সংকটের পথে দেশ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

এসময় তিনি দাবি করেন, গণভোটে প্রায় ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’ ভোট দিয়েছে, কিন্তু সেই রায় কার্যকর করতে বিলম্ব করা হচ্ছে। তার ভাষায়, “রাষ্ট্রপতিকে অশ্বডিম্ব পাড়ানো হয়েছে,” যা দিয়ে তিনি বর্তমান পরিস্থিতির সমালোচনা করেন।

শিশির মনির বলেন, যারা ‘জুলাই সংস্কার’ থেকে সরে গেছে, তারা শহীদ জিয়াউর রহমানের আদর্শ থেকেও অনেক দূরে চলে গেছে। তার অভিযোগ, জুলাই আন্দোলনের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসে এখন সেই অবস্থান থেকে সরে গেছে সংশ্লিষ্ট রাজনৈতিক দল।

তিনি আরও বলেন, দেশের মানুষ ৫ আগস্টের পর দুর্নীতিমুক্ত একটি ব্যবস্থা চেয়েছিল এবং এখন কেউ আর ‘রক্তচক্ষু’কে ভয় পায় না। তবে বাস্তবে সেই প্রত্যাশা পূরণ হয়নি বলেও মন্তব্য করেন তিনি।

‘গুম অধ্যাদেশ’ প্রসঙ্গে তিনি বলেন, যদি সরকার গুমের ঘটনা বন্ধ করতে চায়, তবে এই অধ্যাদেশকে আইনে রূপ দিতে হবে। অন্যথায় জনগণের কাছে জবাবদিহি করতে হবে।

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, জুলাই আন্দোলনে যারা জীবন দিয়েছেন বা আহত হয়েছেন, তাদের মধ্যে দলটির নেতাকর্মীদের উপস্থিতি খুঁজে পাওয়া যায় না। এ কারণেই দলটি এই আন্দোলনকে গুরুত্ব দিতে চায় না বলেও মন্তব্য করেন তিনি।

তিনি অতীতের মতো এখনও ভিন্নমত দমনের অভিযোগ তুলে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ার পরও চাপের মুখে পড়তে হয়, যা তিনি ‘ফ্যাসিবাদী আচরণ’ হিসেবে উল্লেখ করেন।

শেষে তিনি সতর্ক করে বলেন, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি আবারও আন্দোলনে নামে, তাহলে গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া আর কোনো পথ থাকবে না।

শীর্ষনিউজ