Image description

রাজনীতি নিয়ে সাম্প্রতিক মন্তব্য ঘিরে আলোচনার পর অবশেষে নিজের অবস্থান পরিষ্কার করলেন সাকিব আল হাসান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি জানিয়ে দিয়েছেন, এই মুহূর্তে তার একমাত্র লক্ষ্য ক্রিকেট।

 

 

 

এর আগে ইংরেজি দৈনিক ডেইলি স্টারে দেওয়া একটি সাক্ষাৎকারে রাজনীতি নিয়ে কথা বলার পর নতুন করে আলোচনা তৈরি হয়। সেই প্রেক্ষিতেই ব্যাখ্যা দিতে এগিয়ে আসেন বাংলাদেশের সাবেক অধিনায়ক।

 

ফেসবুক পোস্টে সাকিব লিখেছেন, ‘এই মুহূর্তে আমার পুরো মনোযোগ শুধুই ক্রিকেটে। ক্যারিয়ারের এই শেষ পর্যায়ে এসে আমি বাংলাদেশ জাতীয় দলের হয়ে সর্বোচ্চ উজাড় করে খেলতে চাই এবং সুযোগ পেলে দেশকে কিছু দারুণ পারফরম্যান্স উপহার দিতে চাই।’

 

 

 

তিনি স্পষ্ট করে জানিয়েছেন, ক্রিকেট ক্যারিয়ার শেষ না হওয়া পর্যন্ত রাজনীতিতে সক্রিয় হওয়ার কোনো পরিকল্পনা নেই। তবে ভবিষ্যতে দেশের জন্য কাজ করার ইচ্ছা তার রয়েছে।

 

 

 

সাকিবের ভাষায়, ‘একটি দেশের উন্নয়নের জন্য রাজনীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানার পর, আমি আমার দেশের উন্নয়নে অবদান রাখতে চাই। তবে সেটা যে শুধু রাজনীতির মাধ্যমেই করতে হবে, তা নয়।’

 

 

 

তিনি আরও যোগ করেন, রাজনীতি ছাড়াও দেশের জন্য কাজ করার সুযোগ রয়েছে। তবে রাজনীতির মাধ্যমে কাজ করা তুলনামূলক সহজ হতে পারে বলেও মত দেন তিনি।

 

সবশেষে জাতীয় দলের হয়ে হাসিমুখে ক্যারিয়ার শেষ করার আশা ব্যক্ত করে সবার কাছে দোয়া ও সমর্থন চেয়েছেন এই অলরাউন্ডার।

 

 

 

সাম্প্রতিক পরিস্থিতিতে তার এই বক্তব্য একদিকে যেমন বিতর্ক কমানোর চেষ্টা, অন্যদিকে ক্রিকেটে ফেরার ইচ্ছাটাকেও আরও পরিষ্কারভাবে সামনে নিয়ে এসেছে।