Image description

দীর্ঘ ১৭ বছর পর দেশের শিক্ষকদের উৎসব ভাতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। এ তথ্য জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

 

সোমবার (৬ এপ্রিল) এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে ময়মনসিংহ শিক্ষা বোর্ডসহ সংশ্লিষ্ট অঞ্চলের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্রসচিবদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।

 

শিক্ষামন্ত্রী বলেন, প্রায় ১৭ বছর ধরে শিক্ষকদের উৎসব ভাতা বাড়ানো হয়নি। তবে চলতি বছরে এই ভাতা ১০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

তিনি আশা প্রকাশ করেন, ঈদুল আজহার আগেই এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা সম্ভব হবে।

 

 

তিনি বলেন, শিক্ষকদের আর্থিক সুবিধা বাড়ানোর বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে দেখছে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলো সমন্বিতভাবে কাজ করছে এবং দ্রুত বাস্তবায়নের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে।

 

শিক্ষামন্ত্রী বলেন, দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তাদের আর্থিক প্রণোদনা বৃদ্ধি পেলে পেশাগত উদ্দীপনা ও কর্মদক্ষতা আরও বাড়বে।